প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম
সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি : সংগৃহীতনতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে নতুন স্কেলে বেতন নির্ধারণ, পেনশন সমন্বয় এবং চুক্তিভিত্তিক চাকরিতে ইনক্রিমেন্ট ও আনুতোষিক না দেওয়ার বিধান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০২৬ গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্তগুলো ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এবং ভবিষ্যতে নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া যেসব কর্মীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, চুক্তি সংশোধন সাপেক্ষে তাদের বেতন নতুন স্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে। আর ১ জুলাইয়ের পর নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে অবসরের আগে পাওয়া মূল বেতনের সমপর্যায়ের গ্রেড ও ধাপ বিবেচনায় বেতন নির্ধারিত হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বা উভয় পক্ষের সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হবে।
চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে গ্রস পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া যাবে না। তবে চুক্তিভিত্তিক চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারিত হবে। নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন নির্দেশনা গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য করা হয়েছে।
সময়ের আলো/এমকে