চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ককপিটে কারিগরি ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে) বিমানটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব ইঞ্জিনিয়ারিং দল ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।
গত ২৬ অক্টোবর জাপান সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।