বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে, ঘনীভূত হচ্ছে রহস্য

সালাহ উদ্দিন চৌধুরী

জাতীয়

তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ঘিরে রহস্য

2026-11-01T01:24:51+00:00
2026-11-01T01:25:11+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু
বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে, ঘনীভূত হচ্ছে রহস্য
সালাহ উদ্দিন চৌধুরী
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১:২৪ এএম  আপডেট: ০১.১১.২০২৬ ১:২৫ এএম
গ্রাফিক : সময়ের আলো
তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে তদন্ত কার্যক্রম। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমও দীপের ‘বিষয়গুলো প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেছেন। তবে থানায় করা তার আবেদনে তিনি ছেলের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। আবেদনে কোনো সন্দেহ বা ধারণার কথাও বলেননি তিনি। অন্যদিকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাউরির মৃত্যুর ঘটনায় ‘আসল সত্য’ উদঘাটনের আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা-রাওয়া।

মামলায় আসামি অজ্ঞাতনামা : তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় ‘হত্যা মামলা’ হলেও মামলার আবেদনে সরাসরি হত্যার অভিযোগের কথা বলেননি বাবা কে এম এনায়েতুল করিম। উত্তরখান থানায় করা গত শুক্রবার গভীর রাতে ওই আবেদনে তিনি ছেলের ‘মৃত্যুর কারণ উদঘাটনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে’ বলেছেন। আবেদনে কোনো সন্দেহ বা ধারণার কথাও বলেননি তিনি। পরে সেই আবেদনটিকেই এজাহার হিসেবে আমলে নিয়ে ৩০২, ২০১ ও ৩৪ ধারা যুক্ত করে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কথা ওই আবেদনে না থাকায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামাদের।

কারণ জানতে চান বাবা : ছেলের মৃত্যুর কারণ জানতে চান তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম। একই সঙ্গে তাহসিফের বন্ধু দীপের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার দুপুরে নিজ বাসা উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এনায়েতুল করিম বলেন, একটা আবেদন করেছি উত্তরখান থানা বরাবর। আমি তাদের জানিয়েছি আমার ছেলের মৃত্যুর কারণটা উদঘাটনের জন্য। সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আবেদন জানিয়েছি। তিনি বলেন, রাষ্ট্র তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত করে জড়িতদের যেন বিচারের আওতায় আনে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে; একজন নাগরিক হিসেবে এটাই আমার প্রত্যাশা।

দীপের বিষয়ে তিনি বলেন, ছেলেটির আমাদের বাসায় যাতায়াত ছিল। পিবিআইয়ের তদন্তে স্বীকার করেছে তারা টঙ্গীতে গিয়েছিল। কিন্তু দীপ আমাকে বলেছিল যে, এই কম্পাউন্ডে (তাহসিফের বাসা এলাকা) রেখে গিয়েছিল, বিষয়টা প্রশ্নবিদ্ধ। আমি জানি না কে জড়িত বা কে কি করেছে বুঝতে পারছি না।

দীপকে ঘিরেই তদন্ত : তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ঘটনার চার দিন পরও এই রহস্যজনক হত্যার ঘটনার কোনো কিনারা করতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। তবে দীপকে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে ঘটনার রাতের অনেক তথ্য। তারা কেন টঙ্গীর মাজার বস্তির হোন্ডা রোডে গিয়েছিলেন তাও জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা। তবে তিনি কেন তাহসিফকে ছেড়ে সেখান থেকে চলে আসেন সেই উত্তর খুঁজছেন তারা। এ বিষয়ে দীপ সুস্পষ্ট কোনো তথ্য দিচ্ছেন না বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এ ছাড়া দীপের ভাষ্যমতে তাদের ধাওয়া দেওয়া লোকদের শনাক্ত করতে একাধিক টিম কাজ করছে। তাহসিফের মরদেহের ভিসেরা রিপোর্ট পাওয়ার পর বিষয়গুলো আরও স্পষ্ট হবে বলে আশা করছেন তারা। তাতে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

দীপের সঙ্গে পৃথক দুটি মোটরসাইকেলে তাহসিফ তাদের উত্তরার বাসা থেকে সন্ধ্যার পর বের হন। এরপর থেকে কোথায় গিয়ে কার কার সঙ্গে কি কথা বলছেন তার সবকিছু জানতে চলছে জিজ্ঞাসাবাদ। এর অনেক প্রশ্নের উত্তরও দিচ্ছেন দীপ। আবার কিছু প্রশ্নে থাকছেন নিশ্চুপ। তিনি কেন তাহসিফের পরিবারের কাছে মিথ্যা বলেছিলেন সেই প্রশ্নেরও উত্তর খোঁজা হচ্ছে।

দীপ গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান। কিন্তু শুক্রবার রাতে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যে শুক্রবার সকালে ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়। ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করেন দীপ।

সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তার ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, তারা রাতের ডিনার করে তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকার মাদক স্পটে যান। তবে তার আগে রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ দীপকে সঙ্গে নিয়ে একটি মদের বারে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন দিয়া নামে এক তরুণী। এরা তিনজন এ বছরের থার্টিফাস্ট নাইটেও একই সঙ্গে রাতে পার্টি করেছিলেন বলে সূত্র জানায়। তবে দীপকে ঘটনার দিন হেলমেট পড়েই অধিকাংশ সময় থাকতে দেখা গেছে। এ সংক্রান্ত সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত অবস্থায় দীপ, তাহসিফ ও দিয়া ওই বারে প্রবেশ করছেন।


চার দিনের রিমান্ডে দ্বীপ : তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। মামলার তদন্ত  কর্মকর্তা নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদ‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং অন্যান্য আলামত শনাক্ত করার জন্য দীপকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে রিমান্ডের আদেশ হওয়ার পর আদালত থেকে বের করার সময় এক স্বজনকে উদ্দেশ্য করে দীপ বলেন, ‘আমি ফুললি স্ট্রং। টেনশন করতে না করেন।’ আদালতে ওঠানোর সময় এবং নামানোর সময়ও কয়েকবার তাকে হাসতে দেখা যায়। শুনানিকালেও স্বাভাবিক দেখা যায় তাকে।

রাওয়া : তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ‘আসল সত্য’ উদঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া। শনিবার রাজধানীর উত্তরায় তাহসিফের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা।

আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, ‘এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখব, মনিটর করব কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।’

গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। রাতে মাকে মুঠোফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন; কিন্তু আর ফেরেননি। পরদিন বুধবার বিকালে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে  ঘনীভূত হচ্ছে রহস্য 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: