প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০৬ এএম
আব্দুন নূর সজল ও অধরা খান জুটির এই সিনেমার শুটিং শুরু হয়েছিল দুই বছর আগে। ছবি : সংগৃহীতঅবশেষে মুক্তি পেতে যাচ্ছে জাহিদ হোসেন পরিচালিত সিনেমা ‘ঋতুকামিনী’। আব্দুন নূর সজল ও অধরা খান জুটির এই সিনেমার শুটিং শুরু হয়েছিল দুই বছর আগে। ওই বছরেই শেষ হয়েছিল দৃশ্যধারণের কাজ। সেন্সর ছাড়পত্রও পেয়েছিলেন নির্মাতা। কিন্তু মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এবার সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে বিজয়ের মাস ডিসেম্বরে।
নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বিজয়ের মাসে অর্থাৎ আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঋতুকামিনী। প্রাথমিকভাবে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। তার আগে নভেম্বরে সংবাদ সম্মেলন করে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।
ঋতুকামিনী সিনেমা নির্মিত হয়েছে গ্রামীণ প্রেক্ষাপটে। এতে উঠে আসবে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, পারিবারিক নানা প্রতিবন্ধকার গল্প। এটি সজল-অধরা জুটির প্রথম সিনেমা।
সিনেমায় সজল অভিনয় করেছেন জামাল চরিত্রে। তার চরিত্রটি আগের অভিনীত চরিত্রগুলোর চেয়ে আলাদা। এখানে তাকে দেখা যাবে গ্রামের এক বখাটে যুবকের ভূমিকায়। অন্যদিকে অধরা খান অভিনয় করেছেন কুমকুম চরিত্রে। গ্রামের সহজ-সরল একটি মেয়ে কুমকুম। চরিত্রটিতে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছেন অধরা। আরও অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খান প্রমুখ।
সিনেমাটি প্রসঙ্গে আব্দুন নূর সজল বলেন, ঋতুকামিনী সিনেমায় দর্শক সমাজের এমন একটি চিত্র দেখতে পাবেন, যা হয়তো সবাই দেখে, কিন্তু এ নিয়ে কথা বলে না। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ অধরা খান বলেন, ‘সিনেমাটির গল্প দারুণ। এতে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি।
সময়ের আলো/প্রিন্ট/এমকে