পুলিশ-শ্রমিক সংঘর্ষে থমথমে অবস্থা, একসঙ্গে ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির

2026-11-02T19:11:21+00:00
2026-11-02T19:16:33+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
পুলিশ-শ্রমিক সংঘর্ষে থমথমে অবস্থা, একসঙ্গে ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম  আপডেট: ০২.১১.২০২৬ ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ হয় এবং কয়েকটি গাড়িতে আগুনও দেওয়া হয়। এ অবস্থায় সাভার ও আশুলিয়া এলাকায় ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরে এসব কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

সোমবার (২ নভেম্বর) বিকালে সাভার শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল থেকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

শ্রমিকরা জানান, তৃতীয় দিনের মতো আজ সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি, কালো তালিকাভুক্তকরণ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। সকালে এই তিন দফার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে আশুলিয়া থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন, অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় রোববারের মতো আজও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা সড়কে এসে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। 


এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তখন পুলিশ শ্রমিকদের সরাতে টিয়ারশেল ছোড়ে। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেন। শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে থমথমে অবস্থা সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার, ফেরারি গার্মেন্টস, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড, জিকিউ ইন্ডাস্ট্রিজ পোশাক কারখানার সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আশুলিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে পুলিশ। দুই পোশাকশ্রমিককে আটক করা হয়। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, তিন দাবিতে সাভারে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে সাভার-আশুলিয়ায় ২৬৪টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পুলিশ  শ্রমিক  সংঘর্ষ  কারখানা  ছুটি ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: