মিরপুরের ফুটপাতে হকাররা আর বসতে পারবেন না : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো.

2026-11-02T17:10:47+00:00
2026-11-02T17:10:47+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
মিরপুরের ফুটপাতে হকাররা আর বসতে পারবেন না : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
ছবি : সংগৃহীত
মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। সেখানে তাদের জন্য দোকান বসানোর ব্যবস্থা করা হবে।

সোমবার (২ নভেম্বর) ডিএনসিসির প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন হকার্স ইউনিয়নের প্রতিনিধিরা।

শফিকুল ইসলাম খান বলেন, ‘হকাররা আমাদের অংশ। তাদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হবে। বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। দ্রুতই তাদের বসার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। উচ্ছেদ হওয়া হকারদের সেখানে ব্যবসার সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে।


ডিএনসিসি প্রশাসক বলেন, বিকল্প জায়গায় ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা হলে সেখানে ক্রেতাদেরও সমাগম হবে। এতে হকারদের কেনাবেচা ভালো হবে। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করতে বাধ্য হয়েছে সিটি করপোরেশন। 

এ পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকারদের দায়ী করে তিনি বলেন, তারা ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত দখল করে রেখেছিলেন। ফলে সাধারণ মানুষের হাঁটার কোনো জায়গা ছিল না। উচ্ছেদ অভিযানের পর মানুষ বুঝতে পেরেছে, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। এ অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।

বৈঠকে প্রশাসক ও হকার প্রতিনিধিরা একমত হন, ৫ আগস্টের পর হকারদের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগে যারা হকারি করতেন, তাদের বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ দেওয়া হবে।

বিকল্প দোকানের বিষয়ে প্রশাসক বলেন, সেখানে হকারদের নিজস্ব চাকাযুক্ত দোকান থাকবে। তবে কোনো ধরনের চৌকি বসানো যাবে না।

সাক্ষাৎকালে গুলশান জোনের ডিসি মো. রুহুল কবির, গুলশান থানার ওসি, বনানী থানার ওসিসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মিরপুর  ফুটপাত  হকার  ডিএনসিসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: