প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম
মিরপুরে শ্রমিক আন্দোলনে আটক গোপালগঞ্জের ইমরান । ছবি : সময়ের আলোরাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকেরা কাজে ফিরলেও তাদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে জনতার হাতে আটক হন বেশ কয়েকজন। তাদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে দাবি পুলিশের।
আটকদের একজন গোপালগঞ্জের ইমরান। তার মুঠোফোনে আন্দোলনে উসকানি দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে শ্রমিক পরিচয়ে কেন আন্দোলনে অংশ নিয়েছেন, সে বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ইমরানের নেতৃত্বে কয়েকজন জড়ো হন। তারা সড়কে আগুন জ্বালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় আরও কয়েকজনকে আটক করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা করেছে পুলিশ।
তিনি আরও জানান, পোশাকশ্রমিকেরা কাজে ফিরে গেলেও একটি রাজনৈতিক মহল আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
সময়ের আলো/এসকে