প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৯:৪১ পিএম
দুর্নীতি দমন কমিশন কার্যালয়। ছবি : সংগৃহীত দুর্নীতি দমন কমিশনে (দুদক) যুগ্মসচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দুদক থেকে অন্য দুই মহাপরিচালককে পরিকল্পনা কমিশন ও ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২ নভেম্বর) জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন— মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. হাসানুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসীকে দুদকের মহাপরিচালক পদে পদায়নের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনে নবনিযুক্ত কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
অপর দুটি প্রজ্ঞাপনে দুদকের কর্মরত দুই মহাপরিচালককে বদলি করা হয়েছে। এর মধ্যে দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনে এবং মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।
সময়ের আলো/আতা