প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবিদেশের তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার মধ্যে এবার গণমাধ্যমেও উত্তেজনা সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। এরই মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয়ের সামনে থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন জানিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, ডিবিসি নিউজের চেয়ারম্যান পদ দাবি করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে। এ ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কায় আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা পুলিশ পদক্ষেপ নেয় বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষ ও অস্থিরতার মধ্যে গণমাধ্যমকে ঘিরে নতুন উত্তেজনা তৈরির অভিযোগ সামনে এসেছে। এসব অস্থিরতার পেছনে আওয়ামী লীগের কিছু নেতার ইন্ধন রয়েছে বলেও অভিযোগ উঠেছে। শিল্প খাতের পাশাপাশি গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ার ঝুঁকিও রয়েছে।
ইকবাল সোবহান চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও ছিলেন তিনি।
সময়ের আলো/কেএইচও