প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম
আদালতে হাজিরা শেষে কারাগারে পাঠানো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে । ছবি : সময়ের আলোবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানার মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিনের আবেদন নাকচ এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ৪ নভেম্বর দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে টেলিভিশন স্টেশনটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জ ফাযিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি ইকবাল সোবহান চৌধুরী।
সময়ের আলো/এসকে