রাজধানীতে ঝুম বৃষ্টি, গরমের পর স্বস্তি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দিনের শুরুতে ছিল ভ্যাপসা গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে জমতে থাকে মেঘ। সন্ধ্যা নামতেই বজ্রপাতের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায়

2026-11-09T20:02:32+00:00
2026-11-09T20:02:32+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
নভেম্বর রেইন
রাজধানীতে ঝুম বৃষ্টি, গরমের পর স্বস্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
দিনের শুরুতে ছিল ভ্যাপসা গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে জমতে থাকে মেঘ। সন্ধ্যা নামতেই বজ্রপাতের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ঝুম বৃষ্টি। সারাদিনের গরমের পর এই বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। সেই সঙ্গে ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতল বাতাসে রাজধানীবাসীর মনে জেগেছে শীতের আগমনী অনুভূতি।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। নিউমার্কেট, ফার্মগেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। একই সময়ে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬ শতাংশ। এর আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দমকা হাওয়ার ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।


নভেম্বরের বৃষ্টিতে শীতের আভাস

নভেম্বর মাসে বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ঋতুচক্রের কারণে এ সময়ে সাগরে সৃষ্ট নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি হতে পারে। নভেম্বরের এমন বৃষ্টির পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে। প্রকৃতিতে অনুভূত হতে থাকে শীতের আমেজ।


‘নভেম্বর রেইন’ ও গানের গল্প

‘নভেম্বর রেইন’ শুধু বৃষ্টির নাম নয়, এটি বিশ্ববিখ্যাত মার্কিন রক ব্যান্ড গানস এন’ রোজেসের একটি কালজয়ী গানের নামও। ১৯৯১ সালে প্রকাশিত ব্যান্ডটির ‘ইউজ ইওর ইলিউশন আই’ অ্যালবামে গানটি স্থান পায়। পরবর্তী সময়ে ১৯৯২ সালে এককভাবেও প্রকাশিত হয় এটি।

হার্ড রক ও ক্ল্যাসিক রকের মিশেলে তৈরি এই পাওয়ার ব্যালাড নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে, ‘Nothin' lasts forever,...even cold November rain’—গানের এই পঙ্‌ক্তিটি শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত।

সময়ের সঙ্গে গানটি সংগীতপ্রেমীদের কাছে কালজয়ী হয়ে উঠেছে। তাই নভেম্বরের বৃষ্টি নামলেই প্রকৃতির পরিবর্তনের পাশাপাশি অনেক সংগীতপ্রেমীর মনেও বেজে ওঠে সেই পরিচিত সুর।

সময়ের আলো/কেআই
  বিষয়:   নভেম্বর রেইন  ঝুম বৃষ্টি  স্বস্তি  রাজধানী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: