প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৮:২২ পিএম
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ । ছবি : সংগৃহীত রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন পুলিশের এই কর্মকর্তা।
সময়ের আলো/এসকে