‘ভুট্টা বপন যন্ত্রের মাঠপর্যায়ের ফলাফল ও কৃষক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি : সময়ের আলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রতি একরে কৃষকের খরচ কমবে ৮ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার বরাদী গ্রামে ‘ভুট্টা বপন যন্ত্রের মাঠপর্যায়ের ফলাফল ও কৃষক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), আলমডাঙ্গা এবং যশোরের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল, ভুট্টা বপন যন্ত্রের মাঠপর্যায়ের কার্যকারিতা তুলে ধরা এবং আধুনিক যন্ত্রের মাধ্যমে বীজ বপনের সুবিধা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া। একই সঙ্গে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোশারফ হোসেন।
এসময় তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে হাতে ভুট্টা বপন করতে প্রচুর শ্রমিক, সময় ও অর্থের প্রয়োজন হয়। বিশেষ করে ভুট্টা বপনের মৌসুমে কৃষি শ্রমিকের সংকট এবং মজুরি বৃদ্ধি কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে কার্যকরভাবে বপন করা সম্ভব। ফলে শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি কৃষকের সময় ও উৎপাদন খরচ সাশ্রয়ের সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের যশোর অঞ্চলের কৃষিবিদ জাকারিয়া হাসান, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক কৃষিবিদ হাফিজুর রহমান, যশোর আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের জোনাল ম্যানেজার শাহিবুল ইসলাম, যশোর বিএডিসি দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক কামরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের যশোর অঞ্চলের মেশিনারি ডেভেলপমেন্ট কর্মকর্তা কৃষিবিদ প্রকৌশলী এএনএম আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান।
আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের যশোর অঞ্চলের গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক কৃষিবিদ হাফিজুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ব্লক সুপারভাইজার ও উপসহকারী কৃষি কর্মকর্তা লাহাবুল ইসলাম, কৃষক শরিফুল ইসলাম, মনোয়ার হোসেন, নিলুফা খাতুন, তাসলিমা খাতুন, মোস্তাফিজুর রহমানসহ শতাধিক যান্ত্রিক পদ্ধতিতে চাষকরা ভুট্টা চাষি।
যান্ত্রিক পদ্ধতিতে ভুট্টা বপনের অভিজ্ঞতা তুলে ধরে কৃষক মনোয়ার হোসেন জানান, আগে প্রতি একর জমিতে ভুট্টা বপনের জন্য ১০-১২ জন শ্রমিকের প্রয়োজন হতো। প্রত্যেক শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা এবং খাবার বাবদ আরও প্রায় ২০০ টাকা খরচ হতো। সব মিলিয়ে প্রতি একর জমিতে ভুট্টা বপনে মোট ৮,০০০-১০,০০০ টাকা ব্যয় হতো।
তিনি বলেন, এখন যন্ত্রের মাধ্যমে একই পরিমাণ জমিতে মাত্র ১,৫০০ টাকায় বপন করতে পারছি। এতে সময় ও খরচ দুটোই কমছে। আগে ভুট্টা বপনের মৌসুমে শ্রমিক পাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এখন যন্ত্রের মাধ্যমে দ্রুত করতে পারায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, উপজেলা এ বছর ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টা রোপণ করা হয়েছে। যন্ত্রের মাধ্যমে ভুট্টা বপন পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেলে বীজ বপনে সময় ও শ্রম কমবে, উৎপাদন খরচ সাশ্রয় হবে এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে।
সময়ের আলো/এনএন