নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত। এ ঘটনায় আহতদের মধ্যে চারজন আইসিইউতে রয়েছেন। তাদের একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
ডা. এমএ মুহিত বলেন, মাদ্রাসাটির একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও প্রশাসনিক অংশ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ওই সময় ভবনের ওপরের তলাগুলোতে মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান করছিল। আগুনের ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ায় অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের বার্ন ইনস্টিটিউটে আনার পর থেকেই চিকিৎসকরা যথাযথ যত্ন নিয়ে চিকিৎসা দিচ্ছেন।
তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ১৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের চিকিৎসা ও পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। বর্তমানে চারজন আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেশনে আছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসকরা প্রত্যেক রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই সুস্থ হয়ে উঠছেন। আশা করছি, সন্ধ্যার মধ্যে আরও ৩০ জনকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে। অন্য রোগীরাও এখন পর্যন্ত ভালো আছেন। আশা করা যায়, তারাও সুস্থ হয়ে উঠবেন।
অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এ জন্য ভবন নির্মাণের নিয়মকানুন মেনে চলার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরের বড় শহরগুলোতেও অগ্নিকাণ্ড ও দগ্ধ হওয়ার ঘটনা ঘটতে পারে। কিন্তু সেখানে রোগীরা অনেক সময় সঠিক বার্ন চিকিৎসা পান না। ঢাকায় যে বিশেষায়িত চিকিৎসা পাওয়া যাচ্ছে, তা সারা দেশে নিশ্চিত করতে হবে। এ জন্য বিভাগীয় শহরগুলোতে বার্ন ইনস্টিটিউটের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। এতে রোগীদের জীবন রক্ষা এবং পঙ্গুত্ব প্রতিরোধ সম্ভব হবে।
ভবন ব্যবহারে অনিয়মের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড শুধু মাদ্রাসায় নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ভাড়া করা হোস্টেলেও ঘটছে। অনেক ক্ষেত্রে যে উদ্দেশ্যে ভবন নির্মাণ করা হয়েছে, তা পরিবর্তন করে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আগে হোটেল-রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনাও দেখা গেছে, যেগুলোর অনেক ভবন মূলত আবাসিক ব্যবহারের জন্য তৈরি।
তিনি বলেন, একইভাবে কোনো আবাসিক ভবনকে মাদ্রাসায় রূপান্তর করা হয়ে থাকতে পারে। তাই ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ নিয়মকানুন নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন এবং ভবন ব্যবহারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নজর দেওয়া জরুরি।
সময়ের আলো/ইউএমএইচ