প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৪০ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন স্থানে টায়ার ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ। ছবি : সময়ের আলোগোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন স্থানে টায়ার ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি স্থানে যান চলাচলে বাধা সৃষ্টি এবং যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টার দিকে একদল নেতাকর্মী কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় জড়ো হন। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন তারা।
ঘটনার পর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি এস এম ইব্রাহিম হোসেন নিজের ফেসবুক পেজে কর্মসূচির একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি তার নেতৃত্বে কর্মসূচি পালনের দাবি করেন।
একই সময়ে উপজেলার পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগও উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন একই সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া গভীর রাতে মহেশপুর রেলওয়ে স্টেশনেও আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।
এদিকে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/জোই