ছুটি ঘোষণা ৪১ কারখানায়। ছবি : সমেয়র আলোন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কর্মস্থল থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। চার থেকে পাঁচটি স্থানে তারা বিক্ষোভ করেন। একপর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
পরিস্থিতি বিবেচনায় আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানার মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সিএসএল নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পুলিশের গুলিতে হতাহতের যে দাবি ছড়িয়েছে, তা নাকচ করে দেন তিনি। মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ কোনো রাবার বুলেট বা শর্টগানও ব্যবহার করেনি।
মজুরি বোর্ডে শ্রমিকদের প্রস্তাব ৩২ হাজার টাকা
এদিকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। এর মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার শ্রমিক পক্ষ ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। প্রস্তাব তৈরির জন্য তারা এক সপ্তাহ সময় চেয়েছে।
সভা শেষে ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলমান থাকায় সব মালিকের কাছ থেকে প্রস্তাব সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে তারা এক সপ্তাহ সময় চেয়েছেন।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বিভিন্ন তথ্য ও যুক্তি তুলে ধরেন।
এর আগে মজুরি বোর্ডের সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ ছাড়া মূল মজুরি বা বেসিক মোট মজুরির ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ বিষয়ে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো এবং এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
শ্রমিক প্রতিনিধিদের মতে, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। তাদের যুক্তি, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর এ কারণে শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ ছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণ এবং খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর ও বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।
সময়ের আলো/জোই