জব্দ করা ট্রলিং বোট। ছবি : সময়ের আলোঅবৈধভাবে মাছ শিকারের অভিযোগে কোস্টগার্ডের অভিযানে জব্দ করা দুটি আর্টিফিশিয়াল ট্রলিং বোটের একটি অর্থের বিনিময়ে আবারও সাগরে মাছ ধরতে পাঠানোর অভিযোগ উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় জব্দ করা বোটের অবস্থান, মালিকানা ও ইঞ্জিন নম্বর নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। জব্দ তালিকায় উল্লেখিত ইঞ্জিন নম্বরের সঙ্গে ডকইয়ার্ডে পাওয়া বোটের ইঞ্জিন নম্বরের কোনো মিল নেই।
স্থানীয় জেলেদের অভিযোগ, জব্দ করা এফবি এলমা আক্তার-৪ নামের ট্রলিং বোটটি অর্থের বিনিময়ে সাগরে মাছ শিকারের সুযোগ পেয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নৌ পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নিজামপুর কোস্টগার্ডের একটি অভিযানে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এফবি এলমা আক্তার-৪ ও মেঘনা-৫ নামের দুটি আর্টিফিশিয়াল ট্রলিং বোট জব্দ করা হয়। এর মধ্যে এফবি এলমা আক্তার-৪-এর মালিক কাজী আবুল হোসেন, যিনি এলাকায় আবুল কোম্পানি নামে পরিচিত। বোটটির নিবন্ধন নম্বর ১২২০২। এর দৈর্ঘ্য ১৮ মিটার, প্রস্থ ৪ দশমিক ৩০ মিটার এবং গভীরতা ১ দশমিক ৬০ মিটার। জব্দ তালিকায় বোটটির ইঞ্জিন নম্বর উল্লেখ করা হয়েছে ২০২১১১০৯৩০০। অন্য বোট মেঘনা-৫-এর মালিক সুরেন্দ্র কুমার দাস (৭৫)।
এ ঘটনায় মহিপুর থানায় নিয়মিত মামলা হয়। পরে কোস্টগার্ড জব্দ করা বোট দুটি ও সংশ্লিষ্ট মালামাল থানায় হস্তান্তর করে। পরবর্তী সময়ে বোট দুটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের জিম্মায় দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে সরেজমিন অনুসন্ধানে জব্দ করা বোট দুটি রাখার নির্ধারিত স্থানে গিয়ে শুধু মেঘনা-৫-এর সন্ধান পাওয়া যায়। সেখানে এফবি এলমা আক্তার-৪-এর কোনো খোঁজ মেলেনি।
বোটটির মালিক আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এফবি এলমা আক্তার-৪ বর্তমানে আলীপুরের কাজী ডকইয়ার্ডে রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী ডকইয়ার্ডে গিয়ে একটি আর্টিফিশিয়াল ট্রলিং বোট মেরামত করতে দেখা যায়।
কিন্তু সেখানে থাকা বোটটির পরিচয় নিয়ে আরও গুরুতর অসংগতি সামনে আসে। অনুসন্ধানে জানা যায়, মাত্র দুই দিন আগে বোটটির গায়ে রং দিয়ে এফবি এলমা আক্তার-৪ নাম লেখা হয়েছে। অথচ বোটটির ইঞ্জিন নম্বর ২০২৩০১৫০৬২। জব্দ তালিকায় এফবি এলমা আক্তার-৪-এর ইঞ্জিন নম্বর হিসেবে উল্লেখ রয়েছে ২০২১১১০৯৩০০। অর্থাৎ দুটি নম্বরের মধ্যে স্পষ্ট অমিল রয়েছে।
এ অবস্থায় ডকইয়ার্ডে থাকা বোটটি প্রকৃতপক্ষে কোস্টগার্ডের জব্দ করা এফবি এলমা আক্তার-৪ কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ডকইয়ার্ডে কর্মরত মিস্ত্রি ইলিয়াস শিকদার জানান, সেখানে থাকা বোটটির প্রকৃত মালিক মীর মো. মিজানুর রহমান।
অন্যদিকে বোটটির মালিকানা দাবি করে আবুল কোম্পানি বলেন, ডকইয়ার্ডে থাকা বোটটি তার। বোটটির ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে। তার দাবি, নৌ পুলিশ বোটটি স্থানীয় মোস্তফা খলিফার জিম্মায় রেখে যায়। পরে তার অনুমতি নিয়েই বোটটি ডকইয়ার্ডে নেওয়া হয়।
এ বিষয়ে মোস্তফা খলিফা জানান, নৌ পুলিশের অনুমতি নিয়েই বোটটি ডকইয়ার্ডে পাঠানো হয়েছিল। তবে বোটটির ইঞ্জিন কিংবা অন্য কোনো মালামাল পরিবর্তনের বিষয়ে তিনি কিছু জানেন না।
স্থানীয় জেলেদের দাবি, জব্দ করা দুটি বোটের মধ্যে এফবি এলমা আক্তার-৪ অর্থের বিনিময়ে সাগরে মাছ ধরার সুযোগ পেয়েছে। তাদের প্রশ্ন, আইনগত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় জব্দ করা বোট কীভাবে ডকইয়ার্ডে গেল, কীভাবে এর ইঞ্জিন পরিবর্তন হলো এবং সেটি আবার সাগরে মাছ শিকারে গেল কি না—এসব বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। সরেজমিনে ফাঁড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ সময় ফাঁড়ির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। মুঠোফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. নাজমুল হক বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিচ্ছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বলেন, মামলা হওয়ার পর জব্দ করা মালামাল নৌ পুলিশের কাছে জিম্মায় দেওয়া হয়েছে। এরপরের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, জব্দ করা ট্রলিং বোট কোনোভাবেই ডকইয়ার্ডে মেরামতের কাজ করা কিংবা সাগরে মাছ শিকারে যাওয়ার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী।
সেভ দ্য বে অব বেঙ্গলের সভাপতি মো. শহিদুল ইসলাম শাহীন বলেন, সমুদ্রে অবৈধ উপায়ে মাছ শিকারের ঘটনা প্রায়ই শোনা যায়। টাকার প্রভাবে একটি কুচক্রী মহল কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় আইন অমান্য করে মাছ শিকার করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. আফজাল মোল্লা বলেন, একাধিক জেলের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন, এফবি এলমা আক্তার-৪ বর্তমানে সমুদ্রে মাছ শিকার করছে। বোটটির মাঝি শহিদুল ইসলামের মুঠোফোনও তিন দিন ধরে বন্ধ রয়েছে। তার ধারণা, ট্রলার নিয়ে সমুদ্রে থাকায় তিনি নেটওয়ার্কের বাইরে রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় জেলে ও সচেতন মহলের দাবি, সমুদ্রে অবৈধ মাছ শিকার এবং জব্দ করা বোটের অননুমোদিত স্থানান্তর ও যন্ত্রাংশ পরিবর্তনের ঘটনা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। একই সঙ্গে বোটটির বর্তমান অবস্থান, প্রকৃত মালিকানা, ইঞ্জিন পরিবর্তনের কারণ এবং সেটি সাগরে মাছ শিকারে গেছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। অর্থের বিনিময়ে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সুবিধা দিয়ে থাকলে তার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/জোই