প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:২৬ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ২:২৭ পিএম
অবরুদ্ধ রামেক হাসপাতাল পরিচালক। ছবি : সংগৃহীত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দুই নেতার গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ওই দুই নেতাকে অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও চিকিৎসকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ থাকা দুই ব্যক্তি হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে দুপুর ১২টার দিকে ছাত্রলীগের সাবেক এই দুই নেতাকে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থী ও চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে মদদ দিচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক অবস্থান নেন। এ সময় হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
সময়ের আলো/জোই