রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেড সদৃশ বস্তু, ভিআইপি লাউঞ্জে ছিলেন মন্ত্রী

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিমানবন্দরের ভিআইপি

2026-11-10T15:10:01+00:00
2026-11-10T15:12:15+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেড সদৃশ বস্তু, ভিআইপি লাউঞ্জে ছিলেন মন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৩:১২ পিএম
গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। মন্ত্রীর অবতরণের পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকার বিষয়টি দায়িত্বরত পুলিশকে জানান।

পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে বস্তু দুটি দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।

এদিকে পুলিশ মন্ত্রীকে বিষয়টি জানালে নিরাপত্তার স্বার্থে তাকে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।


পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নিরাপত্তার স্বার্থে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেড সদৃশ বস্তু  ভিআইপি লাউঞ্জে ছিলেন মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: