চট্টগ্রামে দুই বাসে আগুন। ছবি : সময়ের আলোচট্টগ্রাম নগরীর পৃথক দুটি এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া নগরীর বটতলী স্টেশনে রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে জেলার আনোয়ারা ও হাটহাজারী উপজেলায় সড়ক অবরোধ করে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব তৎপরতার প্রতিবাদে মিছিল, সমাবেশ ও পাহারার কর্মসূচি পালন করেছে ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে বটতলী স্টেশনে শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে নগরীর মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় কোনো বাসেই যাত্রী বা চালক ছিলেন না। অন্যদিকে ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হলেও বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষ জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভোর ৫টার দিকে সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বটতলী স্টেশনে রাখা ট্রেনটির হোসপাইপ কেটে দেওয়া হয়।
রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) তারেক মো. ইমরান বলেন, সোমবার রাতে বটতলী স্টেশনে রাখা শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটে। পরে দ্রুত মেরামতের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
অন্যদিকে আনোয়ারা উপজেলায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার সকালে আনোয়ারা-বাঁশখালী সড়কে এ কর্মসূচি পালন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জন তরুণ মাথায় হেলমেট, মুখে মাস্ক ও মাফলার জড়িয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগ এবং শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছেন। এ সময় কয়েকটি টায়ার ও সড়কে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
একই উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে কিছু নথি পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি। ব্যাংকের নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ছাড়া সোমবার রাতে জেলার হাটহাজারী উপজেলার পৌর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। পরে তারা টায়ারে আগুন ধরিয়ে দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে সোমবার রাতভর পাহারা ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেন।
সোমবার গভীর রাত থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারা দেন ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল মহড়া দেন শিবিরের নেতাকর্মীরা। নগরীর জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় রাত ১টা থেকে ৪টা পর্যন্ত লাঠি হাতে অবস্থান নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধমূলক মহড়া দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রাতে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউনও করেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টায় নগরীর বহদ্দারহাট মোড়ে মিছিল ও মহাসমাবেশ করে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব বিভাগ। বেলা ১২টার দিকে নগরীর অলি খাঁ মসজিদের সামনের সড়কে মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় চকবাজার থানা পুলিশের একটি দল দুজন যুবককে গাড়িতে তুলে নিয়ে যায়। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ