প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ । ছবি : সংগৃহীতইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণার দিন আগামী ১৯ নভেম্বর ধার্য করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হলে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ১৯ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।’
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং সেখানে সম্পত্তি ক্রয় করেন বলে অভিযোগ করা হয়েছে।
২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
এতে জাবেদ, তার স্ত্রী ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ ৩৬ জনকে আসামি করা হয়। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।
সময়ের আলো/এসকে