প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এ মামলা করেন।
রোববার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
‘শাড়িকাণ্ড’ ঘিরে এর আগেও এই অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিনে রয়েছেন তিশা। এর মধ্যেই তার বিরুদ্ধে নতুন করে মানহানির এ মামলা করা হলো।
এর আগে মানহানি, আপত্তিকর ছবি প্রকাশ ও সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে পাঠানো ওই নোটিশে দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে নোটিশের জবাব না পাওয়ায় মামলা করতে বাধ্য হয়েছেন বলে জানান বাদী।
আইনি নোটিশে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়ার বিরুদ্ধে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এতে তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন সানায়া। এ ছাড়া মেসেঞ্জারে ছবি প্রকাশের হুমকি এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগও তোলা হয়।
সময়ের আলো/কেএইচও