প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৫৫ এএম
সংগৃহীত ছবিসাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে অভিযুক্ত তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জুনাইদের আদালত তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এদিন তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
শুক্রবার দুই দফা রিমান্ড শেষে তরুণীকে ঢাকার আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে ওই তরুণী গত ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট, সিপি ফাইভ স্টার স্ন্যাকস এবং একটি মোটরসাইকেল গ্যারেজে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই ও মামলার অপর অভিযুক্ত আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে তা মিলিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মোবাইল কললিস্ট এবং সিসিটিভি ফুটেজেও তাহসিফের সঙ্গে ওই তরুণী ও দীপের যোগাযোগের বিষয়টি উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে তরুণীর দেওয়া কিছু তথ্য গোপন রাখা হয়েছে এবং কিছু প্রশ্নের উত্তর তিনি কৌশলে এড়িয়ে গেছেন বলে আবেদনে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর দিন ২৮ অক্টোবর উত্তর খান এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় তার বাবা ৩০ অক্টোবর হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এর আগে অভিযুক্ত তরুণী ও অপর আসামি দীপকে বিভিন্ন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
সময়ের আলো/আতা