রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ

আইন-আদালত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিনদিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে গ্রেফতার আসামি আহমেদ শাহরিয়ার

2026-11-07T19:15:03+00:00
2026-11-07T19:15:03+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আইন-আদালত
তাহসিফ হত্যা
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিনদিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে গ্রেফতার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাওয়া এবং রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। তবে মামলার ঘটনা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি গ্রহণ করেন।

পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একসঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে গিয়ে মোটরসাইকেলের কাজ করান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে একাধিকবার নাশতা করেন। ওই দিন রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজনই বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় চলে যান।

আবেদনে আরও বলা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান থেকে হেঁটে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজনকে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।


পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা ও এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে সর্বশেষ তাহসিফকে দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে। তাদের দুজনের সঙ্গে তাহসিফের ঘোরাফেরা এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার তথ্যও পাওয়া গেছে। এ অবস্থায় হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতার দুই আসামির কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রিমান্ডে দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তিনি অত্যন্ত চতুর প্রকৃতির এবং একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে নীরবতা পালন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত জড়িতদের শনাক্ত করতে দীপকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। প্রয়োজনে তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

সময়ের আল/টিকে
  বিষয়:   রিমান্ড  গুরুত্বপূর্ণ  দীপ  তাহসিফ হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: