প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার আসামির পলায়ন। ছবি : সংগৃহীতঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে আনা হয়। শুনানির সময় তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। তবে এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান আসামি।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতে আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।
তিনি বলেন, ‘আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পরা অবস্থায় ছিল। তার হেফাজত নিতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।’
মামলার সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছর বয়সী কিশোরী আলোকে। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তে নেমে ওই দিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। সেখানে সে জানায়, বছরখানেক আগে থেকে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কিছুদিন আগে থেকে আলো তাকে পাত্তা দিচ্ছিল না। কাউসার জানতে পারে, আলো অন্য একটি ছেলের সঙ্গে প্রেম করছে। আলোর সঙ্গে কথা বলতে চাইলে সে এড়িয়ে যেত। ২০২০ সালের ২০ জুলাই আলোর বাসার সামনে অপেক্ষা করতে থাকে কাউসার। রাত ৯টার দিকে আলো ঘর থেকে বের হয়ে বাথরুমে গেলে কাউসার তা দেখতে পায়। আলো বাথরুম থেকে বের হয়ে ঘরে বালতি আনতে গেলে তাকে আটকে ধরে কথা বলতে চায় কাউসার। তবে আলো কথা বলতে রাজি না হওয়ায় চাকু দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করার কথা জবানবন্দিতে জানায় কাউসার।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দক্ষিণখান থানার এসআই সুজন চন্দ্র কর্মকার। পরে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ও তার বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন।
সময়রে আলোর/জেডআই