প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম
আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীতচলতি বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে তাদের (সংশ্লিষ্ট পক্ষের) ভাষ্য অনুযায়ী, সর্বোচ্চ ব্যয় দুই থেকে তিন লাখ টাকার মধ্যে। এটি সরকারের নির্ধারিত ব্যয় নয়। তারা যদি নির্ধারিত এই ব্যয়ের মধ্যে থাকত, তাহলে এত মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না।’
এদিকে সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সময়ের আলো/এসএকে