গ্রাফিক : সময়ের আলোইতিহাসের এক অপরিবর্তনীয় সত্য হলো, যে জাতি জ্ঞান-বিজ্ঞানে যতটা সমৃদ্ধ পৃথিবীতে তাদের নেতৃত্ব ততটাই সুসংহত। বর্তমান বিশ্বে যারা তথ্যপ্রযুক্তি, চিকিৎসা এবং মহাকাশ গবেষণা নিয়ন্ত্রণ করছে; তারাই মূলত পুরো বিশ্বকে শাসন করছে। অন্যদিকে মুসলিম উম্মাহর বিশাল জনসংখ্যা ও অফুরন্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তারা আজ সর্বত্র অবহেলিত এবং লাঞ্ছিত। এর পেছনের প্রধান কারণটি হলো ‘জ্ঞান উৎপাদন’ থেকে তাদের পশ্চাৎপদতা। মুসলমানরা আজ অন্যের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করছেন। অন্যের লেখা তত্ত্ব মুখস্থ করছেন। কিন্তু নিজেরা নতুন কোনো জ্ঞান বা প্রযুক্তি তৈরি করতে পারছেন না।
অথচ ইসলামের সূচনালগ্ন থেকে কয়েকশ বছর পর্যন্ত চিত্রটা ছিল সম্পূর্ণ উল্টো। ইসলাম একটি জ্ঞানভিত্তিক বিপ্লবের নাম। পবিত্র কুরআনের প্রথম বাণীই ছিল ‘ইকরা’ পড়ো। পবিত্র কুরআনের প্রথম পাঁচটি আয়াতেই আল্লাহ তায়ালা কলম এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।
শুধু তাই নয়, কুরআনের শত শত আয়াতে আল্লাহ মানুষকে চিন্তা, গবেষণা এবং মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে উৎসাহিত করেছেন। সুরা আল-মুজাদালায় আল্লাহ বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেবেন’ (সুরা মুজাদালা, আয়াত : ১১)। রাসুলুল্লাহ (সা.) জ্ঞানার্জনকে কেবল উৎসাহিতই করেননি, বরং একে প্রতিটি মুসলিমের ওপর ফরজ বা আবশ্যক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।’ (মিশকাত)
মুসলিম উম্মাহর সোনালি যুগের দিকে তাকালে আমরা গর্ব করার মতো এক বিশাল জ্ঞান ভান্ডার খুঁজে পাই। এক সময় বাগদাদের ‘বায়তুল হিকমাহ’ ছিল পৃথিবীর বৌদ্ধিক কেন্দ্র। যখন ইউরোপ অন্ধকার যুগে ডুবে ছিল, তখন মুসলিম বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন। আল-খাওয়ারিজম ছিলেন গণিতশাস্ত্রের মহান অগ্রপথিক। যার হাত ধরে বীজগণিত বা আলজেব্রার জন্ম। বর্তমান যে অ্যালগরিদমের প্রচলিত, তা মূলত তারই নাম থেকে এসেছে। চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনার অবদান অতুলনীয়; তার লেখা বই কয়েকশ বছর ইউরোপের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রধান পাঠ্য ছিল।
আলোকবিজ্ঞানে ইবনে আল-হাইথাম যা করে দেখিয়েছেন তার ওপর ভিত্তি করেই আজকের ক্যামেরা ও চশমা তৈরি হয়েছে। রসায়ন শাস্ত্রে জাবির ইবনে হাইয়ান, সমাজবিজ্ঞানে ইবনে খালদুন এবং ভূগোলে আল-বিরুনীর মতো মনীষীরা প্রমাণ করেছিলেন, একজন সাচ্চা মুসলিম একই সঙ্গে শ্রেষ্ঠ ধার্মিক এবং শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারেন। তারা জ্ঞানকে কেবল ‘দ্বীনি’ আর ‘দুনিয়াবি’— এই দুই ভাগে ভাগ করেননি। তাদের কাছে প্রতিটি কল্যাণকর জ্ঞানই ছিল আল্লাহর কুদরত বোঝার মাধ্যম।
কিন্তু দুর্ভাগ্যবশত, কয়েক শতাব্দী ধরে মুসলিম উম্মাহর মধ্যে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। আমরা জ্ঞান অন্বেষণ ছেড়ে দিয়েছি এবং অন্যের অন্ধ অনুকরণে অভ্যস্ত হয়ে পড়েছি। বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর জন্য জ্ঞান আবিষ্কারের কোনো বিকল্প নেই। আজ আমাদের বড় সংকট হলো বুদ্ধিবৃত্তিক দীনতা। আমরা আবেগ দিয়ে পৃথিবী জয় করতে চাই। পৃথিবী এখন ‘নলেজ ইকোনমি’ বা জ্ঞাননির্ভর অর্থনীতির দিকে ঝুঁকছে।
যার কাছে যতবেশি প্যাটেন্ট এবং উদ্ভাবন আছে সে ততবেশি ধনী। মুসলিম প্রধান দেশগুলোর হাতে তেল বা খনিজ সম্পদ থাকলেও সেগুলোকে প্রক্রিয়াজাত করার প্রযুক্তি না থাকায় আমরা পিছিয়ে আছি। আমরা সস্তায় কাঁচামাল বিক্রি করি আর চড়া দামে তাদের তৈরি পণ্য কিনে আনি।
এই চক্র থেকে বের হতে হলে আমাদের গবেষণাগার বা ল্যাবরেটরিতে সময় দিতে হবে। মুসলমানদের বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সার্টিফিকেট বিতরণের কেন্দ্র না বানিয়ে নতুন নতুন উদ্ভাবনের চারণভূমি বানাতে হবে।
মুসলিম উম্মাহর হারানো গৌরব ফিরে পাওয়ার চাবিকাঠি হলো জ্ঞান। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে’ (সুরা আর-রাদ : ১১)। এই পরিবর্তনের শুরু হতে হবে পড়ার টেবিল থেকে। গবেষণাগার থেকে।
যখন আমাদের তরুণরা কেবল চাকরির পেছনে না ছুটে নতুন কিছু আবিষ্কারের নেশায় মত্ত হবে। যখন আমাদের সমাজ জ্ঞানীদের যথাযথ মূল্যায়ন করতে শিখবে তখনই প্রকৃত মুক্তি সম্ভব। জ্ঞানহীন আবেগ কেবল ধ্বংস ডেকে আনে। তাই ঘুরে দাঁড়ানোর একটাই পথ। প্রচুর জ্ঞান আবিষ্কার ও তার দ্বারা অর্থনৈতিক উন্নতি।
সময়ের আলো/প্রিন্ট/কেআই