গ্রাফিক : সময়ের আলোপানি মহান আল্লাহর দেওয়া জীবনের অন্যতম মৌলিক নেয়ামত। মানুষের বেঁচে থাকা, সুস্থতা, খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পানির ভূমিকা অপরিসীম। বিশুদ্ধ পানি ছাড়া সুস্থ ও স্বাভাবিক জীবন কল্পনা করা যায় না। তাই নিরাপদ ও বিশুদ্ধ পানিপ্রাপ্তি কেবল মানুষের মৌলিক প্রয়োজন নয়, এটি মানবাধিকারেরও গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ইসলামের দৃষ্টিতে পানি শুধু ব্যবহারযোগ্য কোনো প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক মূল্যবান আমানত।
এর যথাযথ ব্যবহার, সংরক্ষণ এবং সবার জন্য প্রাপ্যতা নিশ্চিত করা আমাদের ধর্মীয়, নৈতিক ও সামাজিক দায়িত্ব। বর্তমান বিশ্বে পানিদূষণ, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, নদী-খাল দখল এবং নিরাপদ পানির সংকটের প্রেক্ষাপটে ইসলামের পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের শিক্ষা নতুন করে উপলব্ধি করা প্রয়োজন।
পানি আল্লাহর অপার নেয়ামত : মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘আমি প্রত্যেক প্রাণবান বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। তবু কি তারা ঈমান আনবে না’ (সুরা আম্বিয়া, আয়াত : ৩০)। অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি’ (সুরা ফুরকান, আয়াত : ৪৮)।
এ আয়াতগুলো পানির গুরুত্ব ও জীবনের সঙ্গে এর অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরে। মানুষ, প্রাণী ও উদ্ভিদ— সবকিছুর অস্তিত্ব ও বিকাশে পানির প্রয়োজন অপরিহার্য। তাই পানিকে সাধারণ সম্পদ মনে না করে মহান আল্লাহর বিশেষ নেয়ামত হিসেবে মূল্যায়ন করা উচিত।
বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার : মানবজীবনের মৌলিক চাহিদাগুলোর মধ্যে নিরাপদ পানির স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির অভাবে মানুষ যেমন জীবন ধারণে সংকটে পড়ে, তেমনি দূষিত পানি পান করার কারণে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হয়। ইসলাম মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না’ (সুরা বাকারা, আয়াত : ১৯৫)।
সুতরাং মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা, পানির উৎস সংরক্ষণ করা এবং বিশুদ্ধ পানি থেকে কাউকে অন্যায়ভাবে বঞ্চিত না করা মানবিক ও নৈতিক দায়িত্ব।
পানির অপচয় ও অপব্যবহার পরিহার : ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও সংযমের শিক্ষা দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পানাহার করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না’ (সুরা আরাফ, আয়াত : ৩১)।
রাসুল (সা.) ওজুর ক্ষেত্রেও পরিমিত পানি ব্যবহার করতেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা থেকে পাঁচ মুদ পানি দিয়ে গোসল করতেন’ (সহিহ বুখারি, হাদিস : ২০১)।
এ থেকে বোঝা যায়, ইবাদতের ক্ষেত্রেও পানির অপচয় সমর্থনযোগ্য নয়। তাই দৈনন্দিন জীবনে প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করা প্রত্যেকের দায়িত্ব।
পানির উৎস দূষণ করা গুরুতর অন্যায় : নদী, খাল, বিল, পুকুর ও জলাশয় মানুষের জীবন ও পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব উৎসে শিল্পবর্জ্য, পয়োনিষ্কাশনের ময়লা, প্লাস্টিক ও রাসায়নিক পদার্থ ফেলে পানি দূষিত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ইসলামে মানুষের জন্য ক্ষতিকর কাজ নিষিদ্ধ করা হয়েছে।
রাসুল (সা.) বলেছেন, ‘ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিশোধে ক্ষতি করা যাবে না’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৩৪০)। অতএব পানির উৎস দূষণ করা শুধু পরিবেশবিরোধী কাজ নয়, এটি মানুষের জীবন ও স্বাস্থ্যের প্রতি অন্যায় আচরণও।
পানির ন্যায্য বণ্টন ও জনকল্যাণ : ইসলাম মানুষের কল্যাণ, সহযোগিতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। পানি এমন একটি সম্পদ, যার ওপর সবার জীবন নির্ভরশীল। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ভাবে পানির উৎস নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে বঞ্চিত করতে পারে না। রাসুল (সা.) বলেছেন, ‘তিন শ্রেণির মানুষের সঙ্গে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না; তাদের একজন হলো সেই ব্যক্তি, যে প্রয়োজনের অতিরিক্ত পানি আটকে রাখে এবং পথিককে তা থেকে বঞ্চিত করে’ (সহিহ বুখারি, হাদিস : ২৩৫৮)।
এ হাদিস পানি আটকে রেখে অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষকে বঞ্চিত করার ভয়াবহতা তুলে ধরে। তাই পানির ন্যায্য বণ্টন ও সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।
পানির ব্যবস্থা করা সদকা : ইসলামে মানুষের তৃষ্ণা নিবারণ ও পানির ব্যবস্থা করাকে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। হজরত সাদ ইবনে উবাদা (রা.) তার মায়ের পক্ষ থেকে সদকা করার বিষয়ে রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘পানি পান করানো’ (সুনানে আবু দাউদ, হাদিস : ১৬৮১)।
অন্যদিকে সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর ক্ষমা লাভ করেছিলেন (সহিহ বুখারি, হাদিস : ২৩৬৩)।
এ থেকে বোঝা যায়, মানুষের পাশাপাশি প্রাণীর তৃষ্ণা নিবারণও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। তাই মসজিদ, মাদরাসা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা মহৎ সামাজিক উদ্যোগ।
বিশুদ্ধ পানি মানুষের জীবনধারণের অপরিহার্য উপাদান, একই সঙ্গে মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক মূল্যবান আমানত। ইসলাম পানির ব্যবহার, সংরক্ষণ ও বণ্টনের ক্ষেত্রে যে ভারসাম্যপূর্ণ নীতিমালা দিয়েছে তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র— সবার জন্য অনুসরণীয়। পানি অপচয় করা, পানির উৎস দূষিত করা কিংবা অসহায় মানুষকে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না।
তাই পানির ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা, অপচয় রোধ করা এবং প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, বিশুদ্ধ পানি শুধু জীবনধারণের অধিকার নয়; এটি মানবতার প্রতি দায়িত্ব এবং আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের যথাযথ হেফাজত করাই হোক আমাদের অঙ্গীকার।
লেখক : এমফিল গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়