প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:২১ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ৯:২২ পিএম
ছবি : সংগৃহীত রাজধানীর গুলশান-২ এলাকায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি দেখা গেছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় অবস্থান করেন পুলিশ সদস্যরা। তবে সেখানে তারানা হালিমকে পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা ভবনটিতে যান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি ছিল। এ সময় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা যায়। বাসার সামনে অবস্থান করছিল একটি মালবাহী পিকআপ।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর গণমাধ্যমকে বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।
শরিফ মিয়া বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ভবনের নিরাপত্তাকর্মী ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও দেখা গেছে।
তারানা হালিম আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আইন পেশা ও সাংস্কৃতিক অঙ্গনেও তার পরিচিতি রয়েছে।
সময়ের আলো/জেডি