প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম

গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীতদিনাজপুরের হাকিমপুরে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার অন্য তিনজন হলেন—আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সানোয়ার হোসেন (৪০), বড়চড়া গ্রামের সোবহান আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২২) এবং হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার নজরুল ইসলামের মেয়ে সুইটি আক্তার (২৬)।
পুলিশ জানায়, আবু সুফিয়ান (৪৪) আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি আলিহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সানোয়ার হোসেন ঘোড়াঘাট থানার একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। জিয়ারুল ইসলাম শিবগঞ্জ থানার একটি জিআর মামলায় এবং সুইটি আক্তার হাকিমপুর থানার একটি জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন।
ওসি মো. বাদশা আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গ্রেফতারি পরোয়ানা তামিলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, আবু সুফিয়ানের বিরুদ্ধে ২০২৫ সালে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের সময় হাকিমপুর থানায় করা দুই শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। ওই মামলায় এর আগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।
সময়ের আলো/এনএন