
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীতজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইতিহাসে দেখা যায়, যারা পালিয়ে যায়, তারা আর দেশে ফিরতে পারে না। খুনি, ডাকাত, চোর ও চাঁদাবাজরাই পালিয়ে যায়। দেশে ফেরার মতো সৎ সাহস তাদের থাকে না।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের বিভিন্ন মহলের বক্তব্য ও তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ দিল্লির সামনে কখনো মাথা নত করবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইতিহাস বলে, যারা একবার পালিয়ে যায় তারা দেশে আর ফিরতে পারে না। পালিয়ে যায় কারা? পালিয়ে যায় খুনি, ডাকাত, চোর, চাঁদাবাজ। তাদের সৎ সাহস থাকে না, তারা ফিরতে পারে না।’
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ‘মামাবাড়ির আবদারের মতো ওখান থেকে বিবিসির সূত্রে, রয়টার্সের সূত্রে, ভারতীয় সাংবাদিক সূত্রে এই পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদার করছেন যে, আমাকে নেবার জন্য মিলিটারি হেলিকপ্টার পাঠান বাংলাদেশ বিমানে আমি যাব।’
এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ ভারতের কয়েকজন নেতা ও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু আমার দেশের অখণ্ডতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা এবং বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, দৃষ্টতা দেখিয়ে বলেছেন- শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন; তিনি নাকি এখনো প্রধানমন্ত্রী আছেন।’
গোলাম পরওয়ার আরও বলেন, আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছেন এবং শেখ হাসিনাকে কোন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করানো যায়, তা নিয়ে আলোচনা করছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, ‘এখনো আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা বাংলাদেশের সীমান্ত বেনাপোল-পেট্রাপোল-আখাউড়া দিয়ে গাড়ি নিয়ে ঘুরছেন। কোন স্থল বন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকানো যাবে ইমিগ্রেশন অফিসে দফায় দফায় মিটিং করছেন।’
পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংসহ ভারতের আরও কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তিনি দেশে যাবেন, তিনি ওখানে প্রধানমন্ত্রী; তাকে বাংলাদেশে পাঠানোর জন্য বাংলাদেশের বিমান পাঠানো উচিত। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, তাদের চেয়ে যেন ভারতীয় আধিপত্যবাদী বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির আগ্রহ বেশি দেখা যাচ্ছে।’
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সমতা ও বৈষম্যহীন ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে গণতন্ত্র, আন্তর্জাতিক আইন, বন্দি প্রত্যর্পণ চুক্তি এবং বাংলাদেশের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীলদের কাছ থেকে এ ধরনের দাবি আসতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘কোনো অধিকার নেই। একটি সৎ প্রতিবেশী, সমতা এবং বৈষম্যহীন ন্যায্যতার ভিত্তিতে আমরা প্রত্যেক প্রতিবেশীর সঙ্গে, প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষপাতী। কিন্তু যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রাখেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে- সেগুলোকে যারা সম্মান করেন, আমাদের অখণ্ডতাকে যারা সম্মান করেন, তারা কখনো একজন খুনি পলাতক আসামিকে প্রধানমন্ত্রী হিসেবে পাঠানোর জন্য সামরিক বিমান পাঠানোর আবদার করতে পারেন না।’
এ ধরনের দাবি জুলাইয়ের গণঅভ্যুত্থান ও ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষাকে অস্বীকার করার শামিল বলেও মন্তব্য করেন তিনি। ভারতের উদ্দেশে প্রশ্ন রেখে গোলাম পরওয়ার বলেন, ‘কেন আপনি তাকে আশ্রয় দিলেন? সেখানে আশ্রয় নিয়ে আপনি তাকে কথা বলতে দিচ্ছেন। প্রযুক্তি, ডিভাইস ও নিরাপত্তা দিয়ে একজন খুনিকে আশ্রয় দিয়ে আপনি প্রমাণ করেছেন, বাংলাদেশের জনগণের স্বাধীনতা ও জুলাইয়ের গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন।’
ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, দিল্লিতে বসে বাংলাদেশকে পরিচালনা বা রিমোট কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।
গোলাম পরওয়ার বলেন, ‘দিল্লিতে বসে এই দেশকে চালাবেন, রিমোট কন্ট্রোল করবেন- সেই আনুগত্যবাদী দিল্লির সামনে বাংলার ১৮ কোটি মানুষ কখনো মাথা নত করবে না।’
সময়ের আলো/এসএকে