প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:১৫ এএম

রায়েরবাজার এলাকার পাঁচটি রিকশার গ্যারেজের প্রায় ৩০০ চালককে নজরদারিতে আনা হয়েছে। ছবি : সংগৃহীত
রায়েরবাজার এলাকার পাঁচটি রিকশার গ্যারেজের প্রায় ৩০০ চালককে নজরদারিতে আনা হয়েছে। ছবি : সংগৃহীত রিকশাচালকের ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর অংশ হিসেবে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার পাঁচটি রিকশার গ্যারেজের প্রায় ৩০০ চালককে নজরদারিতে আনা হয়েছে। একই সঙ্গে গ্যারেজমালিকদের তাদের অধীন সব চালকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি দ্রুত এসআরবি-২ কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন, এক শ্রেণির অপরাধী রিকশাচালকের ছদ্মবেশে রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আবার দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে তারা রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও রিকশার গ্যারেজে আত্মগোপন করছে। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রিকশার গ্যারেজগুলোতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি গ্যারেজের প্রায় ৩০০ চালককে নজরদারির আওতায় আনা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে চালকদের পিসিপিআর যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মেজর মুবীন রহমান বলেন, প্রতিটি গ্যারেজের মালিককে তাদের অধীন সব রিকশাচালকের এনআইডির কপি সংগ্রহ করে দ্রুত এসআরবি-২ কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ে কেউ অপরাধে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ অভিযানের উদ্দেশ্য রিকশাচালকদের হয়রানি করা নয় বলে জানান তিনি। তার ভাষ্য, ছদ্মবেশী অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। জনসাধারণের জানমালের নিরাপত্তায় এসআরবি-২-এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি