কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ভাষাগত কারণে প্রথম থেকেই এই নাটক নিয়ে রয়েছে অনেক সমালোচনা। তবে এসব পাত্তা না দিয়ে নিজের মতো করেই নাটকটি নির্মাণ করে চলেছেন কাজল আরিফিন অমি। এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পরেছে নাটকটি। সেই প্রেক্ষাপটে বিতর্কিত সেই পর্বগুলো ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে ধ্রুব টিভি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই নাটকের একটি ক্লিপ। সেখানে দেখা যায় জাকিরকে ‘যৌনকর্মীর ছেলে’ বলে একাধিকবার গালি দিয়েছে পাশা। নাটকে অবশ্য তার প্রতিবাদ করেছে জাকির। দৃশ্যটি বেশ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এরপর থেকে সমালোচনা শুরু করেন নেটিজেনরা। কেউ কেউ আবার নাটকটি বয়কটের ডাকও দেন। এরপরেই নাটকের কিছু পর্ব সরিয়ে দেয়ার বিবৃতি প্রদান করে ধ্রুব টিভি।
সেখানে তারা লিখেছে, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি। এবং ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব। যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির উপর কোনও বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া, এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
ব্যাচেলরদের ঘিরে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ব্যাচেলর জীবনের অনেক হাসি,কান্না,আনন্দ বেদনার অনেক কাহিনী তুলে ধরেছেন নির্মাতা। এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, পারসা ইভানা, মারজুক রাসেল, চাষী আলম, শিমুল, লামিমা লাম সহ অনেকে।
/ডিএফ