রাজধানীর বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধী চালকদের মালিকানাধীন ও তাদের চালানো ইলেকট্রিক ভেহিকেল (ইজি বাইক ও মিশুক) ড্রাইভিং নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে প্রতিবন্ধীদের মালিকানাধীন এবং তাদের চালানো ইলেকট্রিক ভেহিকেল ( ইজি বাইক ও মিশুক) যেন জব্দ করা না হয় এবং প্রতিবন্ধীদের যেন কোনোরকম হয়রানি করা না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে মোঃ সোহেল রানাসহ ৩৫০ জন প্রতিবন্ধীর পক্ষে নোটিশটি পাঠান।
নোটিশে সমাজকল্যাণ মন্ত্রী (যিনি পদাধিকার বলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভাপতি), ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (যিনি পদাধিকার বলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটির সভাপতি), পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রতিবন্ধীদের মালিকানাধীন ও তাদের দ্বরা চালিত ইলেকট্রিক ভেহিকেল বিষয়ে নীতিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান আইনজীবী।