লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম দুদকের মামলায় জামিন পেয়েছেন। এর আগে সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
রোববার (২৭ ডিসেম্বর) শুনানি শেষে বিকেলে তাদের জামিন দেওয়া হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে গত ১১ নভেম্বর ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পাপুল ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন, পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম।
উচ্চ আদালত তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশে মোতাবেক তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
প্রসঙ্গত, মানব ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের জুনে লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের সিআইডি। তিনি বর্তমানে দেশটির কারাগারে আছেন। কুয়েতের বিভিন্ন ব্যাংক হিসাবে পাপুলের নামে জমা থাকা ১৩৮ কোটি টাকা জব্দ করা হয়েছে।