
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরে এবারের বিজয়ের দিনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন মার্কিন ডলার। আর বিভিন্ন সংকটে পড়ে থাকা পাকিস্তানের বর্তমান রিজার্ভ ২ বিলিয়ন ডলার। বর্তমানে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। ভারতের পর বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) আয়োজিত ‘বিজয়ের ৪৯ বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মোস্তফা বলেন, যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে’ কবি গুরুর এ কবিতা যেন পাকিস্তানের বঞ্চিত ভূখণ্ড থেকে আজকের অগ্রগতির বাংলাদেশের কথা বলছে। নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ আজকের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ-পরবর্তী গত ৪৯ বছরে আর্থ-সামাজিক উন্নয়নের বেশির ভাগ ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, যে রাষ্ট্র নামক শোষণ-যন্ত্র থেকে ঘৃণাভরে পৃথক হয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এখন বেশি সম্পদশালী দেশ হয়ে দাঁড়িয়েছে। ৪৯ বছরের ব্যবধানে পাকিস্তানকে বহু পিছনে ফেলে তাদের চেয়ে দ্বিগুণ ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।
ন্যাপ মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের অঙ্গীকার হোক এই- যে চেতনা ও উদ্দেশ্য নিয়ে একাত্তরে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আপামর জনসাধারণ, তার বাস্তবায়ন। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ। দেশের সব মানুষের শিক্ষা, অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত হোক। স্বাধীনতাহীনতায় কেউ থাকবে না। সবার ঘরে ঘরে পৌঁছে যাক স্বাধীনতার সুফল, সুষমভাবে।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী’র সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমীর হোসেন আমু। অংশগ্রহণ করেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল, ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে এম ইয়াকুব হোসেন, ঢাবি অধ্যাপক ড. এম বদরুজ্জামান ভুইয়া প্রমুখ।