আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না।
আজ (৩০ ডিসেম্বর) গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
বিএনপির যে কোন শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানান তিনি। তিনি বলেন, তবে আন্দোলনের নামে কোন নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিবে।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন ইভিএমে ভোট দিলে নাকি সব ভোট নৌকার বাক্সে চলে যায়। এটা অবান্তর কথা।
ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, তাহলে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় তাদের দু’জন পৌর মেয়র জয়ী হয়েছেন?