
কুমিল্লা ও রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবাধিকার সংগঠন লিগ্যাল অ্যাসিস্টান্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি)। সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিমের তত্ত্বাবধানে ২৩ ডিসেম্বর কুমিল্লায় ও ২৪ ডিসেম্বর রংপুর জেলায় কম্বল বিতরণ করেন সংস্থার প্রতিনিধিরা। ধাপে ধাপে দেশের অন্যান্য অঞ্চলেও শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হবে বলে জানান তৌফিকা করিম।
এলএইচপি মূলত অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিককে বিনামূল্যে আইন সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০০৯ সালে যাত্রা শুরু করলেও করোনা মাহামারি হতে শুরু করে দেশের বিভিন্ন সঙ্কটকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে এসব কার্যক্রমগুলো সংস্থার চেয়ারম্যান তৌফিকা করিম ব্যক্তিগত উদ্যোগে করে থাকেন।
এ ব্যাপারে এলএএইচপির চেয়ারম্যান মানবাধিকার কমিশনের অন্যতম কার্যকরী সদস্য তৌফিকা করিম বলেন, ‘অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই এলএএইচপির কাজ। সেটা হোক কারাবন্দি, ক্ষুধার্ত কিংবা শীতার্ত মানুষ। আমারা এখন দুই জেলায় কম্বল বিতরণ করেছি। শীঘ্রই আরো কয়েক জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।’
এলএএইচপির ২০২০ পর্যন্ত সহস্রাধিক বিনা বিচারে আটক অসহায় কারাবন্দিকে কারামুক্ত করেছে। সরকারের পাশাপাশি বিনামূল্যে আইনি সেবাকে দেশব্যাপী বিস্তৃত করার স্বীকৃতিস্বরূপ মানব কল্যাণ ও সেবামূলক সংস্থা এলএএইচপি-কে বাংলাদেশ সরকার সেরা দেশীয় বেসরকারি সংস্থা-২০১৯ মনোনয়ন প্রদান করে।