ষ নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) অনুমোদন ছাড়া আমদানির পুনঃঅর্থায়ন কিংবা সময় বৃদ্ধি করা যাবে না। আমদানি দায় পরিশোধ সময় পূর্তির এক মাস পূর্বে বিডাতে আবেদন করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক বিলম্ব পরিশোধ ব্যবস্থায় আমদানির ক্ষেত্রে পুনঃঅর্থায়ন কিংবা সময় বৃদ্ধির জন্য অনুমোদন বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সার্কুলারের ভাষ্য অনুযায়ী বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় সাপ্লায়ার্স-বায়ার্স ক্রেডিটের আওতায় নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধ সময় বৃদ্ধি কিংবা পুনঃঅর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে। বিডাতে এবং বস্ত্র অধিদফতরে নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য এ ব্যবস্থা প্রযোজ্য হবে।
সার্কুলারে বলা হয়েছে যে, বিদেশি সরবরাহকারী কিংবা ঋণদানকারী প্রতিষ্ঠান এক বছরের অতিরিক্ত সময় কিংবা সেই অতিরিক্ত সময়ের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা স্থানীয় আমদানিকারককে প্রদান করবে। বিডার বেসরকারি খাতের বৈদেশিক ঋণ-সাপ্লায়ার্স ক্রেডিট বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার্কুলারটি জারি করা হয়েছে।