ঢালিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি সেরা অভিনেতা হিসেবে জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।
সিয়াম আহমেদকে এবার দেখা যাবে একটি সংগীত বিষয়ক প্রতিযোগিতার বিচারকের আসনে। তার অংশ নেওয়া ‘স্কয়ার সুরের সেরা’ নামের এই প্রতিযোগিতার বিশেষ পর্বটি প্রচার হবে শনিবার (১২ মার্চ)।
জানা গেছে, এদিন প্রতিযোগিতার সেরা-১০ থেকে বাদ পড়ে যাওয়া ৬ জন গাইবেন নিজেদের পছন্দের গান। এই পর্বের বিজয়ী পাবেন সেরা-৫ এ প্রবেশ করার সুযোগ। এই পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সিয়াম। তার সঙ্গে বিশেষ এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী ন্যানসি।
এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘পুরোটা সময় দারুণ উপভোগ করেছি। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেশ ক’জন গুণী শিল্পী পাবো’।
‘স্কয়ার সুরের সেরা’ অনুষ্ঠানের মূল বিচারকের দায়িত্ব পালন করছেন সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীতশিল্পী পিন্টু ঘোষ।
/এমএইচ/