জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর হাত ধরেই এসেছে বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর হাত ধরে এফডিসি প্রতিষ্ঠা হলেও, এই মহান মানুষটির জীবনী নিয়ে পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্রই এখন পর্যন্ত মুক্তি পায়নি। সম্প্রতি বেশ কিছু ছবি নির্মাণ হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। পাশাপাশি তৈরি হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নতুন কিছু গান। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণ হওয়া সিনেমা ও গান নিয়ে আজকের আয়োজন।
মুজিব : একটি জাতির রূপকার : ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘ মুজিব : একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। ঐতিহাসিক এই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মুম্বাই ও ঢাকায়। ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
টুঙ্গিপাড়ার মিয়া ভাই : বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেক ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সেলিম খান পরিচালিত সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গেছে শান্ত খানকে। বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি।
৫৭০ : বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। রুপালি পর্দায় সেই দিনটার ঘটনা তুলে ধরা হচ্ছে ‘৫৭০’ ছবিটিতে। সিনেমাটিতে বাপ্পী চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সেনাবাহিনীর সৈনিক চরিত্রে দেখা যাবে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটি চলতি বছরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাপ্পী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন- মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ তিন শতাধিক শিল্পী।
টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা : বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানের এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার। এই সিনেমায় উঠে আসবে বঙ্গবন্ধুর কৈশোর ও যৌবনের গল্প। আর এ দুটি সময় তুলে ধরতে সিনেমার বিভিন্ন চরিত্রে থাকছেন শহীদুল আলম সাচ্চু, লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, রহমত আলী, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, সৌম্য জ্যোতি প্রমুখ।
চিরঞ্জীব মুজিব : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত ছবিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ১৯৪৯ থেকে ১৯৫২ সাল উঠে এসেছে। এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।
মুজিব আমার পিতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য দ্বিমাত্রিক (টু-ডি) অ্যানিমেশন ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। গত বছর সিনেমাটি মুক্তি পায়।
তর্জনী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘তর্জনী’। সিনেমাটি প্রজন্ম থেকে প্রজন্মে কেমন প্রভাব ফেলবে, তা ‘তর্জনী’তে তুলে ধরবেন পরিচালক সোহেল রানা। এই সিনেমায় ১৯৭১, ১৯৭৫ এবং ২০১৭ এই তিনটা সময়কে দেখানো হবে। পরিচালক সিনেমা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ফার্স্ট লুক হিসেবে পোস্টার প্রকাশ করেছেন। ‘তর্জনী’ সিনেমার গল্প যৌথভাবে লিখেছেন সোহেল রানা বয়াতি এবং শাহাদাত রাসেল। আর চিত্রনাট্য লিখছেন শাহাদাত রাসেল।
আগস্ট ১৯৭৫ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মাণ হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সেলিম খান। সিনেমাটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, তাসকিন রহমান, মাসুমা রহমান নাবিলা, দিলারা জামান, তৌকীর আহমেদ, তানভীন সুইটি প্রমুখ।
রেডিও : সাত মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসক ভাষণ সমগ্র বাঙালি জাতি শুনতে পেয়েছিল রেডিওর মাধ্যমে। সেই ভাষণকে কেন্দ্র করে প্রত্যন্ত ওই গ্রামে জেগে উঠেছিল এক দল মুক্তিপাগল জনতা, যা পরবর্তীতে সূচিত করে স্বাধীনতার ভিত্তি। এ রকম একটি গল্প নিয়েই সাজানো হয়েছে ‘রেডিও’ সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন রিয়াজ, মমসহ আরও অনেকে।
মাইক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। সিনেমাটি পরিচালনা করছেন এফএম শাহীন ও হাজান জাফরুল বিপুল। সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ, তানভীন সুইটিসহ আরও অনেকে।
শুধু দেশেই নয়, বলিউডেও বঙ্গবন্ধুর জীবন নিয়ে ছবি নির্মিত হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’। পরিচালনা করবেন রিচি মেহতা। জানা যায়, পূর্ণদৈর্ঘ্য ছবির পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে ঘিরে। চলতি বছর সবগুলোই মুক্তি পাবে। এই তালিকায় রয়েছে কলকাতার নির্মাতা গৌতম ঘোষের তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’।
বঙ্গবন্ধুকে নিয়ে যত গান
যদি রাত পোহালে : ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি লিখেছেন হাসান মতিউর রহমান। মলয় কুমার গাঙ্গুলীর সুরে এতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমীন।
একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের : গৌরী প্রসন্ন মজুমদারের কথা ও অংশুমান রায়ের সুরে এই গানটি গেয়েছিলেন লক্ষ্মীকান্ত রায়। এরপর অনেকেই গানটি গেয়েছেন।
জনগণের নয়নতারা : বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গান তৈরি করেন শাহ আবদুল করিম। শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায়, সুনামগঞ্জে তিনি প্রথমবার এসেছিলেন ১৯৫৬ সালের ২৬ নভেম্বর। ওইদিন বিকালে শেখ মুজিব সুনামগঞ্জে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন। সে সমাবেশে শেখ মুজিবকে নিয়ে স্বরচিত একটি গান পরিবেশন করেন শাহ আবদুল করিম।
বঙ্গবন্ধুর এই বাংলাদেশে : বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গান গেয়েছেন মমতাজ। ‘বঙ্গবন্ধুর এই বাংলাদেশে, শেখ হাসিনার এই দেশে, স্বাধীন সোনার বাংলাদেশ’।
শোকাবহ আগস্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন গেয়েছেন ‘শোকাবহ আগস্ট’ শিরোনামের গান। লিখেছেন এইচএ গোলন্দাজ। সুর ও সঙ্গীত করেছেন অন্তু গোলন্দাজ।
এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে আরও অনেক গান রয়েছে। যার মধ্যে অশোক পালের কণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিব, সন্ধ্যা মুখোপাধ্যায়ের বঙ্গবন্ধু ফিরে এলে, মতিয়ার রহমানের তুমিই বাংলাদেশ, সেই ১৫ আগস্ট, আবুল লায়েসের তিনি কি আসবেন, এসআই টুটুলের বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, দিলীপ সেনের বঙ্গবন্ধু জাতির পিতা দিয়েছো বাঙালির, অটামনাল মুনের তুমি আমার বঙ্গবন্ধু, নিশিতা বড়ুয়ার রক্তমাখা সিঁড়ি, রফিকুল আলমের অবাক পিতা, শেখ ফরিদের সাত কোটি মানুষের মুক্তির জন্য, ওমর ফারুকের আমার বঙ্গবন্ধুর নৌকায় চড়ে, সায়েফ আলীর বঙ্গবন্ধু ফিরে এসো, সুভাষ দাসের ও মুজিব তুমি মিশে আছো উল্লেখযোগ্য।
/এসকে