রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (২০২১ সিরিজ) শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। অরিয়েন্টশন ক্লাসের পর আগামী দুই সপ্তাহের মধ্যে ১০ দিন কোনও শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে বলে জানান রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয়ে তিন ধাপে শেষ হবে অরিয়েন্টেশন পর্ব। শেষ হয় বিকেল ৫টায়।
অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বক্তব্য প্রদান কালে বলেন, ‘শনিবার (৩১ ডিসেম্বর) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত হতে হবে। কোনও শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস অর্থাৎ দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।’
জানা যায়, প্রথমে সকাল ৯টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১১টায় যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের এবং বিকেল ৩টায় পুরকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
প্রতিটি অনুষদ ভুক্ত বিভাগসমূহের অরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মো.সাজ্জাদ হোসেন (অতিরিক্ত দায়িত্ব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, দপ্তর ও শাখা প্রধান, বিভাগ প্রধান এবং বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/এসএইচএন