বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটি (মফুলীক) এর সার্বিক তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগ (অ-১৭) ফুটবল লীগ ২০২১-২২’। মঙ্গলবার( ৩ জানুয়ারি) ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাফুফে কার্যনির্বাহী সদস্য ও মাফুলীক কো-চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, মফুলীক ডেপুটি চেয়ারম্যান ও ‘বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগ (অ-১৭) ফুটবল লীগ ২০২১-২২‘ এর চেয়ারম্যান মো. এনামুল হক আবুল, মফুলীক সদস্য ও লীগ কমিটির সাধারণ সম্পাদক মো. রমজান, মফুলীক সদস্য মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া এবং লীগে অংশগ্রহণকারী দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভার সিদ্ধান্তক্রমে উল্লিখিত টুর্নামেন্টে খেলোয়াড়দের মেডিকেল পরীক্ষণ এবং খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন উইন্ডো আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। খেলা পরিচালনার জন্যে সম্ভাব্য তিনটি মাঠকে তালিকায় রেখেছে কমিটি। এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী খেলোয়াড় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি দল সর্বনিম্ন ২৫ ও সর্বোচ্চ ৩৫ জন খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে।
এবারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সর্বমোট ১৫ টি দল। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে শান্তিনগর ক্লাব, চকবাজার কিংস, দি মুসলিম ইন্সটিটিউট, দিপালী যুব সংঘ, আছাদুজ্জামান ফুটবল একাডেমী, ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র, টাঙ্গাইল ফুটবল একাডেমী, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, লালবাগ স্পোর্টিং ক্লাব, রেইনবো এ্যাথলেটিক ক্লাব, নবাগত স্কাইলার্ক ফুটবল ক্লাব, ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংঘ, এফসি উত্তরবঙ্গ, এফসি ব্রাহ্মণবাড়িয়া, গ্রীণ ওয়েলফেয়ার সেন্টার মুন্সিগঞ্জ।
/এএসএম/