চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে বাংলাদেশ?

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ সাত দল এবং স্বাগতিক পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরটিতে খেলার যোগ্যতা অর্জনের এই

2023-10-30T07:00:04+00:00
2023-10-30T07:00:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে বাংলাদেশ?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৭:০০ এএম 
ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ সাত দল এবং স্বাগতিক পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরটিতে খেলার যোগ্যতা অর্জনের এই পদ্ধতি ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভাতেই নাকি চূড়ান্ত করা হয়েছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি সংস্থাটি। তবে রোববার আইসিসির এক মুখপাত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। সে ক্ষেত্রে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশ হওয়া সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে বিশ্বকাপে না থাকার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না। 

আইসিসির এমন সিদ্ধান্ত বিস্ময় হয়ে এসেছে কয়েকটি দেশের বোর্ডের কাছে। চলতি বিশ্বকাপে খেলতে না পারা দুটি বোর্ড ক্রিকইনফোর কাছে স্বীকার করেছে যে তারা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা নির্ধারণের সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিল না। যেহেতু তারা বিশ্বকাপে নেই, তারা আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবে না। যে দশ দল চলমান আসরটিতে খেলছে, সেখান থেকেও বাদ পড়বে দুটি দল। নির্দিষ্ট করে বললে পয়েন্ট টেবিলে নবম এবং দশম স্থানে থাকা দলের জায়গা হবে না ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা টিম বাংলাদেশ তাই চরম অনিশ্চয়তাতেই আছে।

২০২১ সালের নভেম্বরে নতুন চক্রে (২০২৪-২০৩১) দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। তখন এক মিডিয়া বিবৃতিতে সংস্থাটি জানিয়েছিল, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি আট দলের টুর্নামেন্ট হবে এবং পূর্ববর্তী সংস্করণগুলোকে অনুসরণ করবে। চারটি করে দল ভাগ হবে দুটি গ্রুপে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।’ ২০১৩ এবং ২০১৭ সংস্করণে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো অংশ নিয়েছিল। সামনেও তেমন কিছু হবে বলেই ধারণা ছিল সবার। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে এবারের বিশ্বকাপের শীর্ষ ৭ দল এবং স্বাগতিক দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার পথে হাঁটছে আইসিসি। 

বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা এমন পথ বেছে নেওয়ায় বিপাকেই পড়েছে টিম বাংলাদেশ। ছয় ম্যাচের পাঁচটিতে হেরে চলমান বিশ্বকাপে তারা যে এখন পয়েন্ট টেবিলের তলানীর দিকে অবস্থান করছে। হাতে থাকা তিন ম্যাচে ভালো করতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হবে টাইগাররা। বিষয়টি নিয়ে বিগত কয়েক দিন ধরেই কথা বলছেন অধিনায়ক সাকিব আল হাসান। চলমান বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রেখে অন্তত শীর্ষ আট দলের মধ্যে থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে হারারও পর সাকিব বলেন, ‘আমি সেমিফাইনালে খেলার আশার কথা বলছি না। সেটি আর সম্ভবও না। অন্তত একটু ভালো অবস্থানে থাকা, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলেও তো আপনাকে সেরা আটে থাকতে হবে। তাই সেসব বিবেচনায় নিয়ে হাতে থাকা তিনটি ম্যাচে ভালো খেলতে হবে।’

ওই তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে ভালো খেলতে পারবে তো সাকিব ব্রিগেড? চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাচাতে এর বিকল্প পথ নেই তাদের সামনে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: