হাতে দুটো ম্যাচ থাকলেও বিশ্বকাপের রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এখন সাকিব আল হাসানদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়াটাও ঝুঁকির মুখে। মঙ্গলবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে পাকিস্তানের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। এ নিয়ে চলতি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে টানা ছয় ম্যাচ হারের লজ্জায় ডুবল সাকিব ব্রিগেড।
গতকালের ম্যাচে সাকিবদের হারিয়ে সেমির সম্ভাবনা ধরে রাখল পাকিস্তান। ৭ খেলায় তাদের ঝুলিতে ৬ পয়েন্ট। বাকি দুটো ম্যাচ জিতলে আর সমীকরণের জটিলতা তাদের পক্ষে থাকলে শিকে ছিঁড়তে পারে বাবর আজমদের ভাগ্যেও। ৭ খেলায় বাংলাদেশের সংগ্রহ মোটে ২ পয়েন্ট। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আমাদের জিততে হবে। এর জন্য জেতা ছাড়া কোনো বিকল্প নেই। সাকিবের কথার কোনো প্রতিফলন দেখা যায়নি মাঠে। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২০৫ রান তুলতেই দম ফুরিয়ে যায় সাকিব বাহিনীর। লিটন দাস (৪৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৫৬) ও সাকিব (৪৩) কিছুটা দৃঢ়তা দেখালেও স্কোরবোর্ড সমৃদ্ধ হয়নি। বাংলাদেশের সাতজন ব্যাটার পাননি দুই অঙ্কের ঘরের নাগাল।
পাকিস্তান ব্যাটিংয়ে নামার আগেই টাইগারদের হারটা পরিণত হয় সময়ের ব্যাপারে। উদ্বোধনী জুটিতে ১২৮ রান সংগ্রহ করে ম্যাচটাকে একপেশে করে দেন আসাদউল্লাহ শফিক (৬৮) ও ফখর জামান (৮১)। শেষপর্যন্ত বাবর ব্রিগেড জেতে ১০৫ বল হাতে রেখে।
এই বড় হারে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তার মুখে এখন সাকিবরা। এই আসরে অংশ নেওয়ার সুযোগ পাবে বিশ্বকাপের শীর্ষ আট দল। স্বাগতিক হিসেবে পাকিস্তান খেলবে সরাসরি। যার অর্থ চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেরা সাতে থাকতে হবে বাংলাদেশকে। পরের দুটো ম্যাচ জিতলে অবশ্য সুযোগ থাকবে। কিন্তু যেভাবে হারছে, তাতে করে সাকিব ব্রিগেডের নতুনভাবে জেগে ওঠা যে ভীষণই কঠিন, সেটা অনুধাবন করতে প্রয়োজন পড়ে না বিশেষজ্ঞ হওয়ার। বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
সময়ের আলো/আরএস/