চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেকার লড়াই সাকিবদের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপ শেষ। সেমিফাইনালের রেস থেকে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে সাকিব আল হাসান ব্রিগেডের। তারপরও বাংলাদেশের ম্যাচগুলো শুধু নিয়মরক্ষার

2023-11-03T01:55:47+00:00
2023-11-03T01:55:47+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেকার লড়াই সাকিবদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১:৫৫ এএম 
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেকার লড়াই সাকিবদের
বাংলাদেশের বিশ্বকাপ শেষ। সেমিফাইনালের রেস থেকে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে সাকিব আল হাসান ব্রিগেডের। তারপরও বাংলাদেশের ম্যাচগুলো শুধু নিয়মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না।  টাইগারদের হাতে এখনও দুটি ম্যাচ রয়েছে। বাকি ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কমপক্ষে দুটো দলের ওপর থাকতে হবে সাকিব বাহিনীর। চলতি বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারা টাইগারদের জন্য শেষ দুটি ম্যাচ পরিণত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রাউন্ডের নতুন চ্যালেঞ্জে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলতি বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের মধ্যে সুযোগ পাবে আট দল। আয়োজক হিসেবে এই আসরে পাকিস্তান খেলবে সরাসরি। বাকি সাতটি জায়গার জন্য লড়াই ৯ দলের মধ্যে। অর্থাৎ বাদ পড়বে দুটি দল। এবারের বিশ্বকাপের সাত রাউন্ড শেষে বাদ পড়ার ঝুঁকিতে আছে চারটি দল। বাংলাদেশ ছাড়াও খাদের কিনারে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তবে শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে জিতে গেলে এই ঝুঁকি থেকে বেরিয়ে আসবে ডাচরাও। চলতি আসরে টেস্ট স্ট্যাটাসের একমাত্র বাইরের দল নেদারল্যান্ডস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে আরও দুটি টেস্ট স্ট্যাটাস সমৃদ্ধ দলকে পেছনে ফেলতে হবে বিস্ময় জাগানিয়া ডাচ ক্রিকেট দলকে।

মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঝুঁকিতে থাকা চার দলের মধ্যে কিছুটা সুবিধাজনক জায়গায় আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। দুদলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে লঙ্কানরা ৭ ম্যাচ খেললেও একটি ম্যাচ কম খেলেছে ডাচরা। ৭ খেলায় এক জয়ে বাংলাদেশের সংগ্রহ মোটে ২ পয়েন্ট। টাইগারদের চেয়ে এক ম্যাচ কম খেলা ইংল্যান্ডের সংগ্রহও ২ পয়েন্ট। বাংলাদেশের মতো বিশ্বকাপজয়ী ইংল্যান্ডও যদি একটি ম্যাচ হেরে যায় তা হলে চ্যাম্পিয়ন্স ট্রফির রেসে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

পরের ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার সঙ্গে দ্বৈরথে নামবে টাইগাররা। এই ম্যাচটি দুদলের জন্যই নক আউট। এই ম্যাচটিতে হারার একটাই অর্থ-মিনি বিশ্বকাপের দর্শকের সারিতে থাকা। জিতলেও যে ভাগ্যে শিকে ছিঁড়বে সেটাও বলা যায় না নিশ্চিত করে। সে ক্ষেত্রে অনেক ‘যদি’ ‘কিন্তু’র জটিল সমীকরণ মেলানোর চ্যালেঞ্জে পড়তে হবে। রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইনফর্ম অস্ট্রেলিয়া। এই কঠিন বাধা পেরোনোর মতো পরিস্থিতিতে সাকিবরা আছে কি না সেটাই এখন প্রশ্ন। আপাতত টিকে থাকার জন্য লঙ্কানদের বিপক্ষে টাইগারদের জিততেই হবে।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের মতোই নাজুক অবস্থায় গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে সর্বনিম্ন স্থানে তারা। আর নবম স্থানে বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পাচ্ছে ইংলশরা। তবে চলতি বিশ্বকাপের হিসেবে ইংলিশদের চেয়ে শ্রেয়তর ক্রিকেট খেলছে ডাচরা। আগামী বুধবার ডাচদের সঙ্গে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বড় মুখ করে টাইগার অধিনায়ক সাকিব বলেছিলেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু সাকিবের কথা থেকেছে কথার কথা হিসেবেই। পাকিস্তানের সঙ্গে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি টাইগাররা। হার দেখতে হয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। ১০৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাবার আজমের দল।

পুরো বিশ্বকাপজুড়েই রানের জন্য মাথা খুঁড়ছে টাইগার ব্যাটাররা। প্রতিদ্বন্দ্বী দলগুলো যখন ৩০০/৩৫০ রান করছে নিয়মিতভাবেই সেখানে দুইশ পেরোতেই ঘাম ছুটে যাচ্ছে সাকিব বাহিনীর। সাত ম্যাচে মাত্র একবারই আড়াইশ পেরিয়েছে বাংলাদেশ। ব্যাটিং উইকেটেও রানের দেখা পাচ্ছে না টাইগার ব্যাটাররা। ব্যাটিং অর্ডারে অদল-বদল করেও কোনো সুবিধা হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে হলে ব্যাটারদের রানে ফেরাটা সবচেয়ে জরুরি। আর সেই মৌলিক জায়গাটিতেই ধুঁকছে সাকিবরা।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: