দুদলের জন্যই ম্যাচটা ফাইনালের মতো। তবে বাস্তবতা ভিন্ন। গত দুটো বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের জন্য সেমিফাইনালের মিশন। আর শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার। এমনি অবস্থায় রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে কিউইরা। বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চিদাম্বরম স্টেডিয়ামে তাপ ছড়ানো এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
ম্যাচটি দুদলের জন্যই নকআউট। নিউজিল্যান্ড হারলে শেষ হয়ে যাবে তাদের সেমির স্বপ্ন। আর শ্রীলঙ্কা হারলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে। বিশ্বকাপের শেষদিকে এসে পথ হারিয়েছে দুদলই। অথচ চলতি বিশ্বকাপে কিউইদের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম চার ম্যাচ টানা জিতে সেমির দৌড়ে অনেকটাই এগিয়েছিল দলটি। কিন্তু এরপরই শুরু হয় কিউইদের ছন্দপতন। সবশেষ চার ম্যাচেই হারের লজ্জায় ডুবেছে দলটি। সেই সঙ্গে শেষ চারের ছাড়পত্র পাওয়া নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়েছে গত দুই আসরের ফাইনালিস্টরা। এদিকে সবশেষ তিন ম্যাচইে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারানোর আশঙ্কায় লঙ্কানরাও।
এবারের টুর্নামেন্টে ভাগ্যদেবীকেও পাশে পাচ্ছে না নিউজিল্যান্ড। শেষ বলের লড়াইয়ে তারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বৃষ্টির কারণে হারার আগেই হার মানতে হয়েছে তাদের। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে কিউইদের সংগ্রহ ছিল ৪০১/৬। জবাবে ব্যাট করতে নেমে দুই দফা বৃষ্টির কবলে পড়ে পাকিস্তান। শেষপর্যন্ত ২৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে তারা সংগ্রহ ২০০ রান। এ অবস্থায় বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ডিএল মেথডে ২১ রানে বিজয়ী ঘোষণা করা হয় পাকিস্তানকে। আজও ভাগ্যের পরীক্ষায় বসতে হচ্ছে কিউইদের। ব্যাঙ্গালুরুর আকাশে কালো মেঘের ঘনঘটা। আবহাওয়া বার্তা জানাচ্ছে, আজ ব্যাঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা খুবই জোরালো। বিশেষ করে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কিউইদের কপাল পুড়বে। সে ক্ষেত্রে লঙ্কানদের সঙ্গে তারা পয়েন্ট ভাগাভাগি করবে। আর পরের ম্যাচে পাকিস্তান যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তবে, সেমিফাইনালের আগেই দেশে ফিরতে হবে নিউজিল্যান্ডকে। আর তাই লঙ্কানদের সঙ্গে বৃষ্টিও প্রতিপক্ষ হয়ে উঠতে পারে কিউইদের।
পুরো আসরে ইনজুরির সমস্যায় ভুগলেও আজকের ম্যাচের আগে পুরো ফিট টিমই পাচ্ছে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে আগের ম্যাচেই ফিরেছেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। খেলার জন্য প্রস্তুত লকি ফার্গুসন ও ম্যাট হেনরির জায়গায় দলে সুযোগ পাওয়া কাইল জেমিসন। এদিকে বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট নিয়ে অনেক ধরনের ব্লেম গেমের মধ্যে আছে লঙ্কান শিবির। তবে আজ কিউইদের বিপক্ষে হারলে কপাল চাপড়ানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না লঙ্কানদের সামনে। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট লঙ্কানদের অবস্থান আট নম্বরে।
সময়ের আলো/আরএস/