একদিনের বিরতি দিয়ে পঞ্চম ধাপে ফের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত।
বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার ১৭নভেম্বর ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিএনপি-জামাতসহ যুগপৎ আন্দোলনের শরিকরা।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে চতুর্থ দফা অবরোধ চলাকালীন সময়ে বিএনপি-জামায়াতসহ শরীক দলগুলো পৃথক বিবৃতি দিয়ে এসব তথ্য জানায়।
এদিকে অবরোধের দ্বিতীয় দিনে আরও ছয় গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চতুর্থ দফার অবরোধের আগের রাত থেকে গতকাল সোমবার রাত পর্যন্ত মোট ২১টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপির দাবি অবরোধ চলাকালীন সময়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪শ’ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের কোনও পরিসংখ্যান না দিলেও র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল সোমবার গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর সূত্র জানায়, রোববার রাত ১টা ৫ মিনিটে সবুজবাগের মুগদায় ১টি কাভার্ড ভ্যানে আগুন, রাত ২টা ৪০ মিনিটে সায়েদাবাদের জনপথ রোডে বলাকা পরিবহন নামে ১টি বাসে আগুন, সোমবার ভোর সাড়ে ৫ টায় মিরপুর ৬ নম্বর সেকশনে ইতিহাস পরিবহনে আগুন, পৌনে ৬ টায় দিনাজপুর মেডিকেল মোডে ১টি ট্রাকে আগুন, সকাল ৯ টা ৬ মিনিটে উত্তরা আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেটের সামনে প্রজাপতি পরিবহনে আগুন ও সন্ধ্যা সোয়া ৬ টায় শনির আখড়ায় মৌমিতা পরিবহন নামে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সংস্থাটি জানায়, ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিসংযোগের ঘটনা নির্বাপণে ফায়ার সার্ভিসের ১৪১টি ইউনিট কাজ করেছে।
উল্লেখ্য, রাজধানীতে প্রতিদিন সাড়ে চার থেকে ৫ হাজার বাস চলাচল করে। এগুলোর নিরাপত্তা দিতে পুলিশের ‘ডেডিকেটেড টিম’ কাজ করেছে। বাসে আগুন জ্বালিয়ে নাশকতা রুখতে রাজধানীর ৫০টি থানায় ৮ হাজারের মতো পুলিশ সদস্য কাজ করছে। আরও ৫ হাজার সদস্য মাঠপর্যায়ে সরাসরি কাজ করছেন।
দিনাজপুর: সোমবার ভোরে দিনাজপুর শহরে ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের নেমতাড়া (আনন্দসাগর) এলাকার একটি গ্যারেজে অবস্থানরত ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোতালেব হোসেন ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন।
ট্রাকের মালিক ও চালক গুলজার হোসেন সময়ের আলোকে জানান, রোববার সন্ধ্যায় শহরের পুলহাট থেকে ভুট্টা নিয়ে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আনন্দসাগর এলাকার একটি গ্যারেজের সামনে রেখে পাশেই তার বাড়িতে ঘুমাতে যান। সকালে এই ভুট্টা বোঝাই ট্রাকটি নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ভোরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একজন গাড়ি চালকের আগুন আগুন বলে চিৎকারে এলাকার মানুষ ঘুম থেকে জেগে ট্রাকটির আগুন জ্বলতে দেখেন। সাথে সাথে এলাকাবাসী ও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট: অবরোধের দ্বিতীয় দিনে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মিছিল করেছে ছাত্রদল। এ সময় অবরোধের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন ও রাস্তায় অগ্নিসংযোগ করে যান চলাচলে বাঁধা দেন তারা। এছাড়া সোমবার সকালে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রী না থাকায় দূরপাল্লার যান তেমন একটা চলাচল করেনি। দু’তিনটি বাস ছেড়ে গেছে সিলেট থেকে। রাস্তায় অন্যান্য দিনের তুলনা যানবাহন চলাচল ছিল কম। রাস্তাঘাটে কিছু সিএনজি অটোরিকশা এবং রিকশা চলাচল করলে ব্যক্তিগত যানবাহন চলাচল ছিলো সীমিত।
অবরোধকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর পাশাপাশি সিলেট নগরীর প্রতিটি মোড়ে অতিরিক্ত নিরাপত্তা ছিলো। সকালের দিকে দোকানপাট বিপণি বিতান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা খুলতে শুরু করেন ব্যবসায়ীরা।
নারায়ণগঞ্জ: রোববার রাত সাড়ে ১২ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সামনে আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, ঢাকা - নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। রাতে হঠাৎ করে বাসের পেছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এক পর্যায়ে ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের ভেতরে কোনো যাত্রী বা চালক - হেলপার না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর: নাটোরে চলন্ত খড়বোঝাই একটি ভুটভুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে নাটোর সদর উপজেলার চাঁদপুর ডাকপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/এম