নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে আবার মঙ্গলবার বিরতি দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবার অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে। বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে দলটি।
চলমান ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবরোধের দ্বিতীয় দিনে গতকাল সোমবার ভোর থেকে ৮টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও সোনাইমুড়ীতে উপকূল এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত রোববার রাত থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত মোট ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জ ১টি, খাগড়াছড়ি ১টি, দিনাজপুর ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করে। গত ২৮ অক্টোবর থেকে সোমবার বিকাল পর্যন্ত মোট ২২০টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
এরমধ্যে নওগাঁর মহাদেবপুর বাজারে ‘রাহি’ পরিবহনের ১টি বাসে আগুন, কিশোরগঞ্জের কুলিয়ারচর ফায়ার স্টেশনের সামনে ১টি ট্রাকে আগুন, খাগড়াছড়ির জালিয়ারপাড়ায় ১টি ট্রাকে আগুন, দিনাজপুরের বীরগঞ্জের মোহাম্মদপুরে ১টি ট্রাকে আগুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার মতিহারে ১টি ট্রাকে আগুন, নাটোরের বনপাড়ার মহিষাভাঙ্গায় ‘ডি এন ট্রাভেলস’র ৩টি বাসে আগুন, সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে ১টি কাভার্ড ভ্যানে আগুন ও ঢাকার শ্যামলী সড়ক ও জনপদ এলাকায় বৈশাখী পরিবহনে আগুন।
পুলিশ জানায়, রোববার যাত্রাবাড়িতে মৌমিতা পরিবহনের বাসে আগুনের ঘটনায় রোববার রাতে ৪ জনকে গ্রেফতার করেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সময়ের আলোকে বলেন, নাশকতার ঘটনায় সারাদেশে ২৬ জনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সাথে জড়িত। তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে জড়িত মোট ৭৬৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৪২টি টহলদলসহ সারাদেশে ৪২৬টি টহল দল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। এছাড়াও যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তার ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দেয়া হচ্ছে। যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ন স্থানসমূহে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সময়ের আলোকে বলেন, সার্বিক নিরাপত্তায় ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আমাদের ব্যুরো প্রধান, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ....
মহাদেবপুর: রোববার রাত সাড়ে ১১ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে মধ্যরাতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হামিদুর রহমান অন্যান্য দিনের মত গতকালও তার রাহী ট্রাভেলসের বাসটি মাসুদ পেট্রল পাম্প সংলগ্ন মেইন রোডের পাশে রেখে দেয়। রাতে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নাটোর: নাটোরের বড়াইগ্রামে স্থানীয় সংসদ সদস্যের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে পার্কিং করা জিএম ট্রাভেলস এর তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস ৩টির আসনসহ অধিকাংশই পুড়ে গেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। ওই ফিলিং স্টেশনের মালিক নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সফিউল আযম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।
দিনাজপুর: রোববার গভীর রাতে জেলার বীরগঞ্জ-কাহারোল সড়কের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মপুর নামক স্থানে একটি ধানবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। কাহারোল থানার অফিসার ইনচার্জ ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অগ্নিসংযোগ নাশকতারই একটি অংশ। নাশকতার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
রাজশাহী: রোববার রাত আড়াইটার দিকে রাজশাহীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর কাজলা মোড়ে রাবির গেটের সামনে এই ঘটনা ঘটে। আরএমপির মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াত-শিবির এই আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের শনাক্তের কাজ চলছে।
হবিগঞ্জ: সোমবার সকালে বিএনপি জামায়েতের ডাকা হরতাল চলাকালে হবিগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িসহ পুড়ে গেছে সব মালামাল। সদর উপজেলার ভাদৈ ভাঙ্গাপুল এলাকায় আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ড ভ্যানটি মালামালসহ পুড়ে যায়।
ট্রাকের চালক আব্দুস সাত্তার জানান, প্রাণ আরএফএল কোম্পানি থেকে প্লাস্টিকের পণ্য নিয়ে হবিগঞ্জ শহরের আসার পথে ভাদৈ এলাকায় কিছু লোক মিছিল করে আসে। এসময় তারা গাড়ী ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার পর দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। আসামিদেরকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সিলেট: রোববার রাতে সিলেটে অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ও একটি সিএনজি অটোরিকসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সিলেট নগরীর আম্বরখানা সড়কে এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিথ হলে দুর্বৃত্তরা পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায়।
ভোলা: সোমবার দুপুর ২টায় শহরের পুরান জুগিরঘোল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি করেছে বিএনপি সমর্থকরা। বিক্ষোভ মিছিলটি স্লোগান দিয়ে এলজিইডি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কিছুক্ষনের জন্য রাস্তা অবরোধ করে।
ঝালকাঠিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পৃথক পিকেটিংয়ে পুলিশের ধাওয়া
ঝালকাঠি: সোমবার সকালে ঝালকাঠিতে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া বুড়িরহাট এলাকায় মিছিল করেছে জেলা বিএনপি। জেলা যুবদল এবং ছাত্রদল আলাদালভাবে মিছিল বের করে। ঝালকাঠি - পিরোজপুর আঞ্চলিক সড়কে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপুর নেতৃত্বে সকাল ৮ টায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং কওের ছাত্রদল নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ নেতাকর্মীদের দাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং আটকের জন্য তাড়া করলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপুসহ ৫ জন আহত হয়।
সময়ের আলো/এম