টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে উইলিয়ামসের অসাধারণ সেঞ্চুরির পরও দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। ফলে দিনশেষে স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে ৪৪ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।
বুধবার (২৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩১০ রানের জবাবে ব্যাটিংয়ে নামে কিউইরা। টম লাথাম ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি থেকে আসে ৩৬ রান। স্ট্রাইক রোটেট করে খেলা কিউই ওপেনার লাথামকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাইজুল ইসলাম। ফাইন লেগে নাঈম হাসানের ক্যাচে পরিণত হন ২১ রান করা লাথাম।
লাথাম ফেরার খানিক বাদে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার কনওয়ে। ১২ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। শর্ট ডিফেন্সে শাহাদাত হোসেন দিপুকে সেট করেন মিরাজ। তার হাতেই ক্যাচ দেন কনওয়ে। দুর্দান্ত ডাইভে তা তালুবিন্দি করতে ভুল করেননি দিপু। ৪৪ রান তুলতেই দুই উইকেট হারায় কিউইরা।
দুই উইকেট হারানো কিউইদের হয়ে ইনিংস মেরামতের কাজ ধরেন উইলিয়ামসন ও নিকোলস। ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তারা। দলীয় ৯৮ রানে নিকোলসকে ফেরান পেসার শরিফুল ইসলাম। ১৯ রান করে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলস।
এরপর ক্রিজে আসা ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। ফিফটি পূরণ করেন এই ব্যাটার। মিচেলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ১৬৫ রানে ৫৪ বলে ৪১ রান করে আউট হন মিচেল। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাইজুল। মিচেলের বিদায়ের পর ক্রিজে আসেন টম বান্ডেল।
বিরতি থেকে ফিরেই বান্ডেলের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১৭৫ রানে ২৩ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন গ্লেন ফিলিপস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। দুই জন মিলে ৭৮ রানের জুটি গড়েন। দলীয় ২৫৩ রানে ৬২ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান ফিলিপস। এরপর সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন।
এক প্রান্ত আগলে রাখা উইলিয়ামসন শেষ পর্যন্ত বোল্ড হন তাইজুল ইসলামের বলে। ১১ চারে ২০৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দলীয় ২৬৪ রানে ফিরে যান ইশ সোধি। দলীয় ৮৪তম ওভারে দিনের খেলা শেষ ঘোষণা করলে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৬ রান। ফলে দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।
আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কিউইদের হয়ে ব্যাট হাতে মাঠে নামবেন কাইল জেমিসন ও টিম সাউদি।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।